ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, তিস্তার পানি বাংলাদেশ ও ভারত উভয়ের কাছেই গুরুত্বপূর্ণ। আজ বৃহস্পতিবার কলকাতায় কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (সিআইআই) আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি।
সাংবাদিকেরা তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে আরও প্রশ্ন করলে মন্ত্রী তা এড়িয়ে গিয়ে বলেন, ‘আমি যেটা বললাম সেটা আবেগ থেকে বললাম। এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।’ পরক্ষণেই তিনি বলেন, ‘তিস্তার পানি বণ্টন বিষয়টি আমার দপ্তরের নয়। আমি তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাই।’ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্রও উপস্থিত ছিলেন। এ ছাড়াও সিআইআইয়ের পূর্বাঞ্চলীয় চেয়ারম্যান ভীরেশ ওবেরয়, পরিচালক এস রাধাকৃষ্ণান, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আবিদা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।