শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, কোনো বিদেশি মুরব্বির হস্তক্ষেপ তোয়াক্কা করবে না বর্তমান সরকার। তিস্তার পানি পাওয়া না গেলে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি করা হবে না।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।
আমির হোসেন বলেন, ৫ জানুয়ারি নির্বাচনের আগে বিএনপি আন্দোলনের নামে নাশকতা করেছে। এর দায়ভার ১৮ দলকেই নিতে হবে। বাংলার মাটিতেই হত্যাকারীদের বিচার হবে।
সভায় জেলা মৎস্য কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান বলেন, দক্ষিণাঞ্চলের নদীগুলোতে প্রত্যাশিত ইলিশ পাওয়া যাচ্ছে। কিন্তু এই অঞ্চলে মৎস্য প্রক্রিয়াজাতকরণের প্রতিষ্ঠান না থাকায় বরিশাল থেকে ইলিশ রপ্তানি করা যাচ্ছে না। এর জবাবে মন্ত্রী বলেন, তিস্তার পানি পাওয়া না গেলে ইলিশ রপ্তানি হবে না।
জেলা প্রশাসক মো. শহীদুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি সাংসদ হিরন ও জেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ তালুকদার মো. ইউনুস।