তিস্তার পানি নীলফামারীতে বিপদসীমার ওপরে

উজানের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে নীলফামারীতে তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে বইছিল। এতে করে ডিমলা ও জলঢাকা উপজেলার ১০টি ইউনিয়নের তিস্তাবেষ্টিত প্রায় ১৫টি গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি বেড়েছে। তিস্তা ব্যারাজের সব কটি গেট খুলে রেখে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। তবে এখন পানি কমছে বলে তিনি জানান। তিনি বলেন, আজ সকাল ছয়টায় পানি বিপদসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। সকাল নয়টায় পানি কিছুটা কমে ১৪ সেন্টিমিটার এবং দুপুর ১২টায় আরও কমে ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় তিস্তা ব্যারাজের ৪৪টি স্লুইস গেট খুলে রেখেছে।
বন্যাকবলিত এলাকাগুলোর মধ্যে রয়েছে ডিমলা উপজেলার পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাঁপানী, ঝুনাগাছ চাঁপানী, গয়াবাড়ি এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ি, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের ১৫টি গ্রাম।
ডিমলা উপজেলার খাঁলিশা চাঁপানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রমজান আলী জানান, গতকাল ভোর রাত থেকে তিস্তা নদীর পানি বাড়ার কারণে পশ্চিম বাইশপুকুর, ছোটখাতা, বানপাড়া গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এসব এলাকার কোথাও হাঁটু, কোথাও কোমর পানি।
টেপাখড়িবাড়ি ইউপির চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, তাঁর ইউনিয়নের চরখড়িবাড়ি, পূর্বখড়িবাড়ি, দক্ষিণ খড়িবাড়ি ও উত্তর খড়িবাড়ি গ্রামের প্রায় ৫০০ পরিবার বন্যাকবলিত হয়ে পড়েছে। এসব পরিবারের ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে।
পূর্বছাতনাই ইউপির চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, তিস্তার পানি বাড়ার কারণে এলাকায় বন্যা শুরু হয়েছে। ঝাড়শিঙ্গেশ্বর চরের কাছ দিয়ে তিস্তার আরেকটি চ্যানেল তৈরি হয়ে প্রবাহিত হওয়ায় সেখানে ভাঙন শুরু হয়েছে। আজ সকালে ওই চরের চারটি পরিবারের ভিটাবাড়ি তিস্তা নদীতে বিলীন হয়েছে। ১০টি পরিবার ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছে।