পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, এবারের শুকনো মৌসুমে তিস্তার পানিপ্রবাহ ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। গতকাল বুধবার রাজধানীতে পানিসম্পদ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট পক্ষগুলোর সম্পৃক্ততার বিষয়ে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
পানিসম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) ও ২০৩০ ওয়াটার রিসোর্সেস গ্রুপ যৌথভাবে রাজধানীর একটি হোটেলে এ কর্মশালার আয়োজন করে।
আনিসুল ইসলাম মাহমুদ আরও বলেন, ‘এবার তিস্তার পানিপ্রবাহ আমরা ব্যাপক হারে কমতে দেখেছি। এবার পানিপ্রবাহ সর্বনিম্ন ৩০০ কিউসেকে নেমেছে। অথচ গত বছর এই সময়ে পানিপ্রবাহ ছিল দেড় হাজার থেকে ১ হাজার ৮০০ কিউসেক।’
তিস্তার পানি চুক্তি সইয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে পানিসম্পদমন্ত্রী ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতিশ্রুতির উল্লেখ করেন। ২০১১ সালের সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তৃতায় মনমোহন সিং বলেছিলেন, তিস্তার পানি চুক্তি সইয়ের ব্যাপারে দুই পক্ষের বোঝাপড়া চূড়ান্ত হয়েছে।
আনিসুল ইসলাম বলেন, ‘ভারত সরকার ওই প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধা রাখবে বলে বিশ্বাস করি। ওই সময় তিস্তা চুক্তির বিরোধিতাকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ঢাকা সফরের সময় চুক্তি নিয়ে তাঁর কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন। আশা করি, ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাদের প্রতিশ্রুতি রাখবে।’
কর্মশালায় অন্যদের মধ্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, ওয়ারপোর মহাপরিচালক সেলিম ভুঁইয়া, ২০৩০ ওয়াটার রিসোর্সেস গ্রুপের এশিয়া ও মধ্যপ্রাচ্যবিষয়ক যুগ্ম প্রধান বাস্তিয়ান মোরমেন, এইচ অ্যান্ড এমের কর্মকর্তা ইয়োহান স্টেলানসন ও পানিসম্পদ সচিব জাফর আহমেদ খান বক্তৃতা করেন।