তিস্তার পানি বণ্টন চুক্তি বাস্তবায়নে ছয় দফা দাবি
তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদনে ছয় দফা বাস্তবায়নের দাবিতে রংপুরে গতকাল শুক্রবার সকালে ওয়ার্কার্স পার্টির আয়োজনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলন থেকে আগামী ৩০ জুন রংপুর বিভাগীয় কনভেনশনের ঘোষণা দেওয়া হয়।
গতকাল নগরের বেতপট্টিস্থ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হক্কানী। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মাজিরুল ইসলাম, অশোক সেন প্রমুখ।
ছয় দফা দাবিগুলো হলো তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে; শুষ্ক মৌসুমে তিস্তার পানিপ্রবাহ বাড়ানোর জন্য ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে সিকিমের গেইল খোলাতে পানির আধার (রিজার্ভার) নির্মাণ করতে হবে; তিস্তার পানি একতরফাভাবে প্রত্যাহারের কারণে বাংলাদেশের আর্থিক ক্ষতি নিরূপণ করে ক্ষতিপূরণ আদায়ে সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে; পাহাড়ি ঢল ও বর্ষার পানি ধরে রাখার জন্য বাংলাদেশের তিস্তা ব্যারাজের উজানে নিজস্ব অর্থায়নে পানির আধার (রিজার্ভার) নির্মাণ করতে হবে; বর্ষা মৌসুমে ভূ-উপরিস্থ পানি ধরে রাখার জন্য নদী-নালা-খাল-বিল দখলমুক্ত করতে হবে এবং নাব্যতা ফিরিয়ে আনতে খনন ও বনায়ন কার্যক্রম জোরদার করতে হবে; সর্বোপরি নদী, খাল-বিল, হাওর-বাঁওড় খনন ও ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ, জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।