তিস্তার পানি বণ্টন চুক্তি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের স্বার্থ রক্ষা করেই তিস্তার পানি বণ্টন চুক্তি হবে। তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি তিস্তা চুক্তি নিয়ে আলোচনার বিষয়টি নিশ্চিত করে বলেন, চুক্তি করার বিষয়টি ভারতের কেন্দ্রীয় সরকার এবং বাংলাদেশ সরকারের বিষয়। এ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না।গতকাল বুধবার বিকেলে পশ্চিমবঙ্গের সচিবালয় মহাকরণে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বৈঠকের পর তাঁরা সাংবাদিকদের এসব কথা বলেন। বিকেল পাঁচটার দিকে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়। ৫০ মিনিট ধরে চলা বৈঠকে অন্যান্যের মধ্যে ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম, কলকাতার উপ-হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান এবং পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রমুখ।বৈঠক শেষে প্রথমে দীপু মনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘আমি বেঙ্গালুরুতে একটি সেমিনারে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে কলকাতায় আসি। তাঁর জয়ের পর এই প্রথম আমি এসেছি তাঁকে অভিনন্দন জানাতে।’ দীপুু মনি বলেন, ‘আমরা মমতাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছি। তিনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। একই ভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের অনুষ্ঠানের আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’পরে মমতা সাংবাদিকদের বলেন, ‘আমি চেয়েছি, তিস্তা চুক্তি হোক। কিন্তু এ নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়িয়েছে, বিতর্ক সৃষ্টি করেছে।’ তিনি বলেন, ‘তিস্তার পানি পরিমাপের জন্য আমরা ইতিমধ্যে নদী বিশেষজ্ঞ কল্যাণ রুদ্রের নেতৃত্বে একটি কমিটি করেছি। সেই কমিটির প্রতিবেদন পাওয়ার পর আমি ভারত এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলব।’ মমতা বলেন, ‘পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ভাষা-সংস্কৃতি এক। বাংলাদেশের সঙ্গে সংস্কৃতি বিনিময় নিয়েও আলোচনা হয়েছে। এতে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে।’ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ তিস্তার পানি পেলে আমি খুশি হব। তবে পানির প্রবাহ নিয়ে একটু সমস্যা রয়েছে।’ গত সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় তিস্তাচুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু মমতার আপত্তিতে সেই চুক্তি হয়নি। তাঁকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী করা হলেও তিনি বাংলাদেশ সফর বাতিল করেন। এবার মালদ্বীপের আদ্দুতে সার্ক সম্মেলনে শেখ হাসিনা-মনমোহন সিংয়ের বৈঠকে তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হয়। সেখানে ভারতের প্রধানমন্ত্রী বলেন, তিস্তা চুক্তি হবে মমতাকে সঙ্গে নিয়ে।