তিস্তার পানি বণ্টন নিয়ে চুক্তি স্বাক্ষর হতে পারে বড় অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের মাঝামাঝি ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ ওই সফরে দুই দেশের সম্পর্ক জোরদারে সবচেয়ে বড় অর্জন হয়ে উঠতে পারে তিস্তা নদীর পানি বণ্টনসংক্রান্ত চুক্তি স্বাক্ষর।চলতি সপ্তাহে ভারতীয় একটি প্রতিনিধিদল তিস্তা ও ফেনী নদীর পানি বণ্টনের ব্যাপারে চুক্তির খসড়াকাঠামো চূড়ান্ত করতে ঢাকা সফর করে। দলের নেতৃত্বে ছিলেন ভারতের পানিসম্পদসচিব ডি ভি সিং। ওই আলোচনায় চুক্তির খসড়ার বিষয়ে উভয় পক্ষই একমত হয়েছে। গত মঙ্গলবার দেশে ফিরেছে ভারতীয় প্রতিনিধিদল।তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে ভারতের পানিসম্পদ মন্ত্রণালেয়র এক কর্মকর্তা জানান, চুক্তিটি স্বাক্ষরিত হলে তা ১৫ বছরের জন্য কার্যকর করা হবে।দুই দেশের পানিসম্পদসচিবদের মধ্যকার আলোচনায় অন্য যে বিষয়গুলো গুরুত্ব পেয়েছে, তার মধ্যে রয়েছে, দুই দেশের মধ্যে বয়ে চলা পাঁচটি অভিন্ন নদীর পানি বণ্টন বিষয়ে একটি কর্মপরিকল্পনা নির্ধারণ করা। নদীগুলো হচ্ছে ধরলা, দুধকুমার, মনু, খোয়াই, গোমতী ও মুহুরী। সূত্র জানিয়েছে, পানি বণ্টন বিষয়ে দুই দেশের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। তারা দাবি করেছে, এ বিষয়ে গুরুত্বপূর্ণ বাধাগুলো দূর করা হয়েছে এবং একমত হওয়া খসড়াকাঠামো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছানো হবে।তবে চুক্তিতে পানি ভাগাভাগির পদ্ধতি সম্পর্কে জানাতে অপারগতা প্রকাশ করে ওই সূত্র। তিনি দাবি করেন, দুই দেশের কাছেই গ্রহণযোগ্য হবে চুক্তিটি। স্বাক্ষর করা হলে এটি হবে দুই দেশের মধ্যে গঙ্গা চুক্তির পর গুরুত্বপূর্ণ পানি বণ্টন চুক্তি।গত বছরের মার্চে দুই দেশের পানিসম্পদমন্ত্রীদের উপস্থিতিতে যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠকে তিস্তার পানি বণ্টন বিষয়ে খসড়া বিবৃতি বিনিময় করা হয়। পরে ওই বছরের এপ্রিলে ভুটানে সার্ক শীর্ষ সম্মেলনের সময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যেও এ বিষয়ে আলোচনা হয়। অতীতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার অন্যতম বিতর্কের বিষয় ছিল তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়। বিষয়টির সমাধান করা হলে বাংলাদেশের পানির চাহিদা পূরণের বিষয়টি নিশ্চিত করা হবে।