তিস্তার পানি বণ্টন বিষয়টি নিষ্পত্তির আশ্বাস ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তার পানি বণ্টন বিষয়টি দ্রুত নিষ্পত্তির ব্যাপারে নয়াদিল্লি অঙ্গীকারবদ্ধ বলে বাংলাদেশকে আশ্বাস দিয়েছে ভারত। এ ব্যাপারে অভ্যন্তরীণ রাজনৈতিক সমঝোতার জন্য ভারতের চেষ্টা অব্যাহত রয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকের পর সংবাদ সম্মেলনে দেওয়া যৌথ বিবৃতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা এসব কথা বলেন। এর আগে দুই পররাষ্ট্রমন্ত্রী যৌথ পরামর্শমূলক কমিশনের (জেসিসি) বৈঠকে অংশ নেন। বিতর্কিত টিপাইমুখ বাঁধের ব্যাপারে সব ধরনের তদারকির জন্য যৌথ নদী কমিশনের অধীনে একটি উপকমিটি গঠনের ব্যাপারে জেসিসির সভায় সিদ্ধান্ত হয়। এ ছাড়া সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য, বন্দীবিনিময় চুক্তি প্রভৃতি বিষয় জেসিসির বৈঠকে গুরুত্ব পায় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরকালে গত সেপ্টেম্বরে জেসিসি গঠন করা হয়েছিল। দীপু মনি সাংবাদিকদের বলেন, ১৯৭৪ সালের বাংলাদেশ-ভারত স্থলসীমা চুক্তির বিষয়টি গুরুত্ব দেওয়ার জন্য তিনি এস এম কৃষ্ণার প্রতি অনুরোধ জানিয়েছেন। এ ব্যাপারে গত বছর দিল্লি একটি প্রটোকল স্বাক্ষর করেছে বলেও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন। দীপু মনি জানান, তিস্তা চুক্তি দ্রুত স্বাক্ষরের ব্যাপারে তাগিদ দিয়েছে বাংলাদেশ। ভারতের পক্ষ থেকে বলা হয়, হিমালয় থেকে সৃষ্ট নদীগুলো বাংলাদেশকে না জানিয়ে আন্তনদী সংযোগ প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে না। তাই ভারতের প্রকল্পটি বাংলাদেশে প্রবাহিত নদীগুলোর জন্য হুমকি হবে না। তিস্তার পানি চুক্তি সম্পাদনের আগে পশ্চিমবঙ্গ রাজ্যের সম্মতি পাওয়া জরুরি। মনমোহন সিংয়ের আহ্বানে দীপু মনি তিন দিনের সফরে নয়াদিল্লি যান। তাঁর এ সফরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, পানিসম্পদমন্ত্রী পবন কুমার বনশাল ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের মঙ্গে বৈঠকের কথা রয়েছে। ইউএনবি।