তিস্তার পানি বণ্টনে ১৫ বছরের অন্তর্বর্তীকালীন চুক্তি হচ্ছে
তিস্তার পানি বণ্টনে ভারত ও বাংলাদেশের মধ্যে ১৫ বছর মেয়াদি একটি অন্তর্বর্তীকালীন চুক্তি হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আসন্ন ঢাকা সফরের সময় অভিন্ন নদীর পানি বণ্টন চুক্তিটি সই হবে। পানিসম্পদসচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান গতকাল সোমবার বিকেলে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় জেআরসির দিনব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। তিস্তার পানি বণ্টন চুক্তিতে কোন দেশের হিস্যা কত হবে, সেটা তিনি জানাতে রাজি হননি। ভারতের পানিসম্পদসচিব ধ্রুব বিজয় সিং সাংবাদিকদের জানান, দুই পক্ষই চুক্তির খুঁটিনাটি বিষয়ে তাদের মতভেদ দূর করে দুই দেশের জনগণের স্বার্থে একটি চুক্তি সইয়ের ব্যাপারে একমত হয়েছেন। খুব শিগগিরই উচ্চতর পর্যায় থেকে চুক্তিটি চূড়ান্তভাবে অনুমোদিত হবে। বৈঠকে কি অগ্রগতি হয়েছে জানতে চাইলে ধ্রুব বিজয় সিং বলেন, ‘এই প্রথমবারের মতো আমরা (তিস্তার পানি বণ্টন বিষয়ে) একটি রুপরেখা চুক্তি সইয়ের ব্যাপারে সম্মত হয়েছি। দুই দেশের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট, সীমান্তের দুই পাশের মানুষের সংবেদনশীলতা ও আকাঙ্ক্ষার বিষয়গুলো বিবেচনা করে আমরা সব ধরনের মতভেদ দূর করতে একমত হয়েছি। গত ২৫ বছরে যা হয়নি, এবার তা-ই হয়েছে। দুই দেশের বর্তমান নেতৃত্ব সব অমীমাংসিত সমস্যা সমাধানে দৃঢ়প্রতিজ্ঞ। এই আলোকে এবারের বৈঠকের সিদ্ধান্তের মাধ্যমে আগামী দিনে উল্লেখযোগ্য অগ্রগতি হবে।’ ভারতীয় পানিসম্পদসচিবের বক্তব্যকে সমর্থন করে ওয়াহিদ উজ জামান বলেন, ‘আসলে খুঁটিনাটি বিষয়ে মতপার্থক্য দূর করার বিষয়ে এবার যথেষ্ট অগ্রগতি হয়েছে। আশা করছি, আমাদের বৈঠকে অন্তর্বর্তীকালীন চুক্তির ব্যাপারে যে অগ্রগতি হয়েছে, তা উচ্চতর পর্যায়, বিশেষ করে প্রধানমন্ত্রী পর্যায়ে চূড়ান্ত অনুমোদন পাবে।’ ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় চুক্তি সই হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘নিশ্চয়। আমরা আশা, করি তাঁর সফরের সময় চুক্তিটি সই হবে।’ ওয়াহিদ উজ জামান জানান, তিস্তা ছাড়াও ফেনী নদীর পানি বণ্টনে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি সইয়ের ব্যাপারে দুই পক্ষ একমত হয়েছে। জেআরসির বৈঠকে বাংলাদেশের ১১ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পানিসম্পদসচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান। আর ভারতের ছয় সদস্যের নেতৃত্ব দেন ধ্রুব বিজয় সিং।