তিস্তার পানি বন্টন চুক্তির খসড়া চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা গতকাল সোমবার তিস্তা ও ফেনী নদীর প্রস্তাবিত পানি বণ্টন চুক্তির খসড়া চূড়ান্ত করেছেন। গতকাল নয়াদিল্লিতে দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকে এই খসড়া চূড়ান্ত হয়। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ঢাকা সফরের সময় এ ব্যাপারে চুক্তি স্বাক্ষর হতে পারে বলে কর্মকর্তারা আশা করছেন। খবর বাসসের।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গতকাল নয়াদিল্লিতে সফররত পানিসম্পদ সচিব শেখ মোহাম্মদ ওয়াহিদ-উজ-জামান ও ভারতীয় সচিব বিজয় সিং এ দুটি নদীর প্রস্তাবিত পানি বণ্টন চুক্তির খসড়া চূড়ান্ত করেন।বৈঠক শেষে এক যুক্ত বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষ মনু, মুহুরী, খোয়াই, গোমতি, ধরলা, দুধকুমারসহ অন্যান্য অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয় নিয়েও আলোচনা করেছে। এ ছাড়া তাঁরা ইছামতী নদী খনন ও অভিন্ন নদীগুলোর তীর সংরক্ষণের বিষয় নিয়েও আলোচনা করেছেন।এদিকে বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বদানকারী পানিসম্পদ সচিব ওয়াহিদ-উজ-জামান গতকাল ভারতের পানিসম্পদমন্ত্রী সালমান খুরশীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাঁকে যৌথ নদী কমিশনের (জেআরসি) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ঢাকা আসতে এবং বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের সঙ্গে আলোচনার আমন্ত্রণ জানান।