তিস্তার পানি বিপৎসীমার ওপরে
উজানের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। লালমনিরহাটের দোয়ানীতে অবস্থিত তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি গত ছয় ঘণ্টায় ৪৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে গতকাল বুধবার সন্ধ্যা ছয়টায় বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
পরিস্থিতি মোকাবিলায় ব্যারাজের ৪৪টি জলকপাটের সবগুলো খুলে রেখে সতর্কাবস্থায় আছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নীলফামারী ও লালমনিরহাটের জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে বলে জানান পাউবো ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান।
পাউবোর ডালিয়া বিভাগের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যানুযায়ী, বুধবার দুপুর ১২টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। সন্ধ্যা ছয়টায় ওই পয়েন্টে পানি ৪০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ও রাত ৮টায় ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ওই পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ৪০ সেন্টিমিটার।
তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাঁপানী, ঝুনাগাছ চাঁপানী, গয়াবাড়ি; জলঢাকা উপজেলার গোলমুলা, ডাউয়াবাড়ি, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার প্রায় ৩০টি চর ও গ্রামের ১০ সহস্রাধিক পরিবার বন্যাকবলিত হয়ে পড়েছে। বন্যাকবলিতদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হচ্ছে।
ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, এখন পর্যন্ত তাঁর ইউনিয়নের পাঁচটি গ্রামের সহস্রাধিক পরিবার বন্যাকবলিত হয়ে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে বিপজ্জনক অবস্থায় থাকা লোকজনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হচ্ছে।
এ ব্যাপারে মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, পানি অব্যাহতভাবে বাড়ছে, পাউবোর সব কর্মকর্তা-কর্মচারীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।
নীলফামারীর জেলা প্রশাসক মো. জাকীর হোসেন বলেন, এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা হয়নি। পরিস্থিতি মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
এর আগে গত ১৩ জুন থেকে ১৫ জুন পর্যন্ত তিস্তার পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার, ১৯ জুন ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এরপর ২৯ জুন সকাল ছয়টায় বিপৎসীমার ১২ সেন্টিমিটার ও বিকেল তিনটায় ছয় সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।