তিস্তার পানি বিপৎসীমার ওপরে ঘরবাড়ি প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়ে নীলফামারীর ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাটের (স্লুইসগেট) সব কটি খুলে দেওয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, তিস্তার পানি গতকাল বুধবার সকাল ছয়টার দিকে বিপৎসীমা অতিক্রম করে দুপুর ১২টা পর্যন্ত ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। বেলা তিনটা পর্যন্ত পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও পরে কমে যায়।
জানা গেছে, তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীসংলগ্ন চর ও গ্রামগুলো প্লাবিত হয়। এতে সহস্রাধিক পরিবারের বাড়িঘর হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে গেছে।
ডিমলা উপজেলার খালিশা চাঁপানী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রমজান আলী বলেন, তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় পশ্চিম বাইশপুকুর, ছোটখাতা ও বানপাড়া গ্রামের বেশ কিছু বাড়িঘরে কোথাও কোমর আবার কোথাও হাঁটুসমান পানি উঠেছে। ওই সব গ্রামের চারটি মাটির রাস্তা ভেঙে গেছে। এ ছাড়া টেপাখড়িবাড়ি, খগাখড়িবাড়ি, গয়াবাড়ি, ঝুনাগাছচাঁপানী, ডাউয়াবাড়ি, শৌলমারী ও কৈমারী এলাকার চরাঞ্চলের গ্রামগুলোর পাঁচ শতাধিক পরিবারের ঘরবাড়ি প্লাবিত হয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।
পাউবোর ডালিয়ায় বন্যা পূর্বাভাস কেন্দ্র সূত্র জানায়, ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে বুধবার ভোর ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পানি বিপৎসীমার (৫২ দশমিক ৪০ মিটার) ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।