তিস্তার পানি বিপৎসীমার ১৬ সে.মি. ওপরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে নীলফামারী জেলায় তিস্তা নদীর পানি আবারও বেড়ে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নীলফামারীর ডালিয়ায় অবস্থিত দেশের বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে আজ সোমবার সকাল ছয়টায় পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও দফায় দফায় পানি বৃদ্ধি পেয়ে বেলা তিনটায় বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে উঠে। গতকাল রোববার সন্ধ্যা ছয়টায় ওই পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচে ছিল।

এতে ডিমলা ও জলঢাকা উপজেলার ১৫টি গ্রামের ১৫ হাজারের বেশি মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। ডিমলা উপজেলার টেপা খড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, প্রায় ১০দিন ধরে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। সকালের দিকে পানি কমলে রাতে বৃদ্ধি পাচ্ছে। এতে ইউনিয়নের পূর্ব খড়িবাড়ি, পশ্চিম খড়িবাড়ি ও চর খড়িবাড়ি গ্রামের ৭০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এ ইউনিয়নের প্রায় ২০ একর আবাদি জমি এরই মধ্যে নদী ভাঙনে বিলীন হয়েছে। তিনি বলেন, ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৭০০ পরিবারের তালিকা করা হয়েছিল, কিন্তু সরকারিভাবে সহায়তা দেওয়া গেছে মাত্র ১০০ পরিবারকে। কাজ না থাকায় গ্রামের দিনমজুর পরিবারগুলোর মাঝে অভাব বিরাজ করছে।

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মাহবুবর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল পানি বিপৎসীমার নিচে নামলেও আজ সকাল ছয়টায় পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার চেয়ে ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। সকাল ৯ টায় ৮ সেন্টিমিটার, দুপুর ১২টায় ১৩ সেন্টিমিটার ও বেলা তিনটায় ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।