তিস্তার পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ি ঢলের কারণে নীলফামারী জেলায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল শনিবার জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার বিভিন্ন গ্রাম ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। গাইবান্ধার অন্যান্য উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও গোবিন্দগঞ্জে আরও অবনতি হয়েছে।
ডিমলার ডালিয়ায় অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্মকর্তারা বলেন, উজানের পাহাড়ি ঢলের কারণে শুক্রবার রাত থেকে তিস্তা নদীর পানি বাড়তে থাকে। গতকাল সকাল ছয়টায় লালমনিরহাটের দোয়ানীতে অবস্থিত সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। দুপুর ১২টায় বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপরে পানি ছিল।
ডিমলার খালিশা চাপানী ইউনিয়নের বাইশপুকুর চরের বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, শুক্রবার রাত থেকে তাঁদের এলাকায় পানি ঢুকছে। উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আবদুল লতিফ খান বলেন, এলাকায় ভারী বৃষ্টিপাত না হলেও পাহাড়ি ঢলের কারণে পানি বেড়ে চর ও বিভিন্ন গ্রাম ডুবে গেছে।
পাউবোর ডালিয়া ডিভিশনের উপসহকারী প্রকৌশলী সুরত উজ জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে শুক্রবার বিকেল চারটা থেকে গতকাল বিকেল চারটা পর্যন্ত ২৪ ঘণ্টায় তিনটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। ইউনিয়নগুলো হচ্ছে মহিমাগঞ্জ, রাখালবুরুজ ও তালুককানুপুর। এসব ইউনিয়নের প্রায় নয় হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তারা বিভিন্ন বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও সরকারি জায়গায় আশ্রয় নিয়েছেন। বন্যার কারণে উপজেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বাঙ্গালী নদীর পানির চাপে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ-সাঘাটা সড়কের দেওয়ানতলা সেতুর সংযোগ সড়ক হুমকির সম্মুখীন হয়েছে। মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ প্রধান বলেন, শুক্রবার রাতে পানির স্রোতে ইউনিয়নের পুনতাইর-মহিমাগঞ্জ সড়কের ফকিরপাড়া সেতু দেবে গেছে। এতে ইউনিয়নের সঙ্গে পুনতাইরসহ কয়েকটি গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে করতোয়া নদীর পানির চাপে গোবিন্দগঞ্জ সদরের খলসি এলাকায় গাইবান্ধা-গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়ক হুমকির মুখে আছে।
গাইবান্ধা পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল আউয়াল মিয়া বলেন, গতকাল করতোয়া নদীর পানি গোবিন্দগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।