তিস্তার পানি বেড়ে ৬০ হাজার মানুষ পানিবন্দী
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নীলফামারী ও লালমনিরহাটে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে দুই জেলার ৬০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিস্তা ব্যারাজের সব কটি জলকপাট (স্লুইসগেট) খুলে দেওয়া হয়েছে। নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি, খালিশা চাপানি, পূর্বছাতনাই, খগাখড়িবাড়ী, গয়াবাড়ী এবং জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী, গোলমুন্ডা শৌলমারী ও কৈমারী ইউনিয়নের ১৫টি গ্রামের ১০ হাজারের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ঝুনাগাছ চাপানি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একরামুল হক চৌধুরী বলেন, গত শুক্রবার রাত থেকে তিস্তা নদীর পানি বাড়তে থাকে। এতে ইউনিয়নের ছাতুনামা চরে প্রায় দুই হাজার এবং ভেন্ডাবাড়ী চরে তিন শতাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়া ডিভিশনের উপবিভাগীয় প্রকৌশলী মাঈনুদ্দিন মণ্ডল বলেন, শুক্রবার রাত ১০টা থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। গতকাল শনিবার বেলা দুইটা পর্যন্ত তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে তিস্তা ব্যারাজের সব কটি জলকপাট খুলে দেওয়া হয়েছে। লালমনিরহাটের আঙ্গরপোতা-দহগ্রাম ছিটমহলসহ জেলার ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পাউবো তিস্তা দোয়ানী-ডালিয়া শাখার সহকারী প্রকৌশলী মাঈনুদ্দিন মণ্ডল জানান, যেকোনো মুহূর্তে তিস্তার পানি আরও বাড়তে পারে। তিস্তা ব্যারাজের ভাটিতে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, বড়খাতা, সিংগীমারী, ডাউয়াবাড়ী, পাটিকাপাড়া ও সানিয়াজান এ ছয় ইউনিয়নের নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।