তিস্তার পানি ব্যাপক হারে কমছে
বাংলাদেশের লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ গত বছরের নভেম্বর থেকে অব্যাহতভাবে কমছে। ডালিয়ায় ১৯৭৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত পানির যে গড় প্রবাহ ছিল, তার মাত্র ১০ শতাংশ পানিও এখন পাওয়া যাচ্ছে না। ফলে সেচনির্ভর চলতি বোরো আবাদ নিয়ে শঙ্কায় পড়েছেন প্রকল্প এলাকার আওতাভুক্ত কৃষকেরা। বাধ্য হয়ে তাঁরা ডিজেলচালিত সেচপাম্প দিয়ে সেচকাজ চালাচ্ছেন। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা।
পানিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯৭৩-৮৫ সময়কালে ফেব্রুয়ারির প্রথম ১০ দিন ৫ হাজার ৯৮৬ কিউসেক, দ্বিতীয় ১০ দিন ৫ হাজার ১৪৯ কিউসেক পানি পাওয়া গিয়েছিল তিস্তায়। এ বছরের ফেব্রুয়ারির প্রথম ১০ দিন তা ছিল ৪৫০ কিউসেক। আর গতকাল বুধবার পর্যন্ত হিসাব হলো তিস্তার পানি ৪৫০ কিউসেক থেকেও কমেছে। এর মধ্যে গত মঙ্গলবার ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ ছিল ৩১৩ কিউসেক।
যৌথ নদী কমিশনের একজন কর্মকর্তা জানান, পশ্চিমবঙ্গের গজলডোবায় ব্যারাজ নির্মাণ শুরুর আগে ১৯৭৩-৮৫ সময়কালে বিনিময়কৃত উপাত্তের ভিত্তিতে তুলনার জন্য ওই সময়ের হিসাব উল্লেখ করা হয়।
তিস্তা চুক্তি সই না হওয়া পর্যন্ত বাংলাদেশের সেচ প্রকল্পে ব্যবহারের জন্য পর্যাপ্ত ও নদী রক্ষার লক্ষ্যে ‘ন্যায়সংগত পরিমাণ’ পানি ছাড়তে দিল্লিকে অনুরোধ জানিয়ে আসছে ঢাকা। গত বছরের প্রথম তিন মাসে পাঁচ দফায় চিঠি চালাচালি ও বৈঠক করে বিষয়টি তুলেছে বাংলাদেশ। ভারত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেও পানিপ্রবাহ ক্রমাগত কমছে।
জানতে চাইলে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ গত বুধবার প্রথম আলোকে বলেন, ডালিয়া পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ উদ্বেগজনক হারে কমছে। এর ফলে তিস্তার পানির ওপর নির্ভরশীল কৃষি ও আর্থসামাজিক ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়েছে। বিষয়টি সুরাহার অনুরোধ জানিয়ে ভারতকে চিঠি (গত ৬ ফেব্রুয়ারি) পাঠানো হয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, তিস্তায় পানিপ্রবাহ কমার বিষয়টি খতিয়ে দেখতে ২০১৪ সালে পশ্চিমবঙ্গের গজলডোবায় ভারতীয় বিশেষজ্ঞদের পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল দিল্লি। শেষ পর্যন্ত সেখানে ভারতীয় বিশেষজ্ঞদের পাঠানো হয়েছে কি না, কিংবা তাঁরা গজলডোবায় গিয়ে কী দেখলেন, তা এখনো বাংলাদেশকে জানানো হয়নি।
সেচ নিয়ে কৃষকদের হাহাকার: প্রকল্প এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সেচ খালে পানি না থাকায় বোরোখেত নষ্ট হচ্ছে। সেচপাম্প ব্যবহার করে, আবার কোথাও কোথাও কুয়া খুঁড়ে জমিতে সেচ দিতে হচ্ছে। প্রতি সপ্তাহে দু-এক দিন সেচ খালে সামান্য পানি আসে, তা দিয়ে কিছু হয় না।
নীলফামারী জেলার বৃহৎ সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্পের আওতায় নীলফামারী, রংপুর ও দিনাজপুর জেলার ১২টি উপজেলার ৬০ হাজার ৫০০ হেক্টর জমিতে সেচ দিতে পানির প্রয়োজন ন্যূনতম সাড়ে তিন হাজার কিউসেক।
তিস্তা সেচ প্রকল্পের তিস্তা ব্যারাজের উজানে ও ভাটিতে এখন ধু ধু বালুচর। দেখে মনে হয় না এটি একটি নদী।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ইদ্রিস আলী বলেন, কৃষকেরা বাধ্য হয়ে ডিজেলচালিত সেচপাম্পের মাধ্যমে সেচ দিচ্ছেন। এতে তাঁদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।
(প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান)