তিস্তার পানি ব্যাপক হ্রাস, ন্যায্য হিস্যা চেয়েছে ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ সম্প্রতি ব্যাপক হারে কমে গেছে। এতে তিস্তা সেচ প্রকল্পের কাজ গুরুতরভাবে বিঘ্নিত হচ্ছে।
এ প্রেক্ষাপটে বাংলাদেশ অভিন্ন নদীটির পানি বণ্টনে দ্রুত অন্তর্বর্তীকালীন চুক্তি সইয়ের পদক্ষেপ নিতে ভারতকে তাগিদ দিয়েছে। চুক্তি সই না হওয়া পর্যন্ত বাংলাদেশের সেচ প্রকল্পে ব্যবহারের জন্য পর্যাপ্ত ও নদী রক্ষার লক্ষ্যে ‘ন্যায়সংগত পরিমাণ’ পানি ছাড়তে দিল্লিকে অনুরোধ জানিয়েছে ঢাকা।
গতকাল শনিবার ঢাকায় শেষ হওয়া যৌথ নদী কমিশনের (জেআরসি) কারিগরি পর্যায়ের আলোচনায় বাংলাদেশ এই অনুরোধ জানায়। ভারতীয় প্রতিনিধিদল বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দিয়েছে। বৈঠকের পর বাংলাদেশের কর্মকর্তারা প্রথম আলোকে এসব তথ্য জানান।
গত জানুয়ারিতে ডালিয়া পয়েন্টে তিস্তার প্রবাহ ১৯৭৩-৮৫ সময়কালের চেয়ে গড়ে প্রায় এক-তৃতীয়াংশে নেমে আসে।
রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দুই প্রতিবেশী দেশের জেআরসির এ বৈঠক শুক্রবার শুরু হয়। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন জেআরসি সদস্য মীর সাজ্জাদ হোসেন এবং ভারতের নেতৃত্ব দেন ফারাক্কা ব্যারাজ প্রকল্পের মহাব্যবস্থাপক এস কে হালদার।
পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান গতকাল রাতে প্রথম আলোকে জানান, তিস্তার পানি কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করে বাংলাদেশের জন্য ন্যায়সংগত পরিমাণ পানি ছাড়ার অনুরোধ করে গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে।
গতকালের বৈঠকের পর মীর সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করে ভারতকে চুক্তি সই না হওয়া পর্যন্ত বাংলাদেশের সেচ প্রকল্পে ব্যবহারের জন্য পর্যাপ্ত ও নদী রক্ষার লক্ষ্যে ন্যায়সংগত পরিমাণ পানি অবমুক্ত করার অনুরোধ জানিয়েছি। এ ছাড়া তিস্তার পানি বণ্টনে দ্রুত অন্তর্বর্তীকালীন চুক্তি সইয়ের জন্য পদক্ষেপ নেওয়ার বিষয়টিও আলোচনায় উত্থাপন করা হয়েছে।’
ডালিয়া পয়েন্টের অবস্থান লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানিতে। এখানেই তিস্তা সেচ প্রকল্প অবস্থিত। তিস্তা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে নীলফামারীর ডিমলা উপজেলার ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ গ্রাম দিয়ে। এ স্থানটি ডালিয়া পয়েন্ট থেকে ২০ কিলোমিটার উজানে।
মীর সাজ্জাদ হোসেন জানান, গত বৃহস্পতিবার হার্ডিঞ্জ ব্রিজের কাছে পদ্মার পানিপ্রবাহ পরিমাপ করা হয়। এরপর শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে পদ্মার পানিপ্রবাহ নিয়ে পর্যালোচনা করা হয়। আর গতকালের বৈঠকে তিস্তা ও ফেনী নদীর পানি নিয়ে চুক্তির পাশাপাশি অভিন্ন অন্য নদীর পানি বণ্টন চুক্তির বিষয়ে কথা হয়। এ ছাড়া অভিন্ন নদীর ভাঙন রোধসহ প্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে আগামী দুই বছরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়।
দুই দেশের কর্মকর্তারা আজ রোববার থেকে ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানিপ্রবাহ দেখবেন। এরপর তাঁরা বিষয়টি পর্যালোচনা করবেন।
পানি কমেছে ব্যাপকভাবে: যৌথ নদী কমিশনের (বাংলাদেশ) এক উপাত্তে দেখা গেছে, গত জানুয়ারিতে ডালিয়া পয়েন্টে তিস্তার প্রবাহ ১৯৭৩-৮৫ সময়কালের চেয়ে গড়ে প্রায় এক-তৃতীয়াংশে নেমে এসেছে। ফেব্রুয়ারিতে প্রবাহ আরও কমেছে। পশ্চিমবঙ্গে গজালডোবা ব্যারাজ নির্মাণ শুরুর আগে ১৯৭৩-৮৫ সময়কালে বাংলাদেশ অংশে তিস্তার পানিপ্রবাহ বেশ ভালো ছিল বলে তুলনার জন্য ওই সময়কালের হিসাব উল্লেখ করা হয়।
পানিসম্পদ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এ বছর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি হঠাৎ ব্যাপক হারে কমেছে। সাম্প্রতিক কিছু তথ্য দিয়ে তিনি বলেন, গত ২০০৯-১০ সালেও পানিপ্রবাহের অবস্থা এবারের তুলনায় অনেক ভালো ছিল, বিশেষ করে জানুয়ারিতে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের জানুয়ারির প্রথম ১০ দিন পানিপ্রবাহ ছিল ৪৫০০ কিউসেক, দ্বিতীয় ১০ দিন ৪৪০০ কিউসেক ও তৃতীয় ১০ দিন ৪২০০ কিউসেক। ফেব্রুয়ারিতে এর পরিমাণ ছিল যথাক্রমে ২৩৪৭ কিউসেক, ১৯০৫ কিউসেক ও ২৮৮৯ কিউসেক। ২০০৯ সালের জানুয়ারির প্রথম ১০ দিন ছিল ২৪০৯ কিউসেক, দ্বিতীয় ১০ দিন ছিল ১৯৫০ কিউসেক ও তৃতীয় ১০ দিন ছিল ১৪১১ কিউসেক। ফেব্রুয়ারিতে প্রবাহ ছিল যথাক্রমে ৭৮৭ কিউসেক, ৬৩১ কিউসেক ও ৫৭৭ কিউসেক।
ডালিয়ায় এ বছরের জানুয়ারির প্রথম ১০ দিনে পানিপ্রবাহ ছিল ২৬৮৪ কিউসেক। ১৯৭৩-৮৫ সময়কালে তা ছিল ৭০১০ কিউসেক। চলতি বছরের জানুয়ারির দ্বিতীয় ১০ দিনে পানিপ্রবাহ ছিল ২০৮৯ কিউসেক। ১৯৭৩-৮৫ সময়কালে ছিল ৬১০৬ কিউসেক। জানুয়ারির শেষ ১০ দিনে প্রবাহের পরিমাণ ১৯৭৩-৮৫ সময়কালে ৫৬৬৮ কিউসেক এবং এ বছর ১৯৪৬ কিউসেক।
১৯৭৩-৮৫ সময়কালে ফেব্রুয়ারির প্রথম ১০ দিনে পানিপ্রবাহ ছিল ৫৯৮৬ কিউসেক। এ বছরের একই সময়ে তা মাত্র ৯৬৩ কিউসেক। আর ১৯৭৩-১৯৮৫ সময়কালে ফেব্রুয়ারির দ্বিতীয় ১০ দিনে গড়ে ৫১৪৯ কিউসেক পানিপ্রবাহ থাকলেও এ বছরের একই সময়ে তা গড়ে মাত্র সাড়ে ৫০০ থেকে ৬০০ কিউসেক।
তিস্তার মোট দৈর্ঘ্য ৩৬৬ কিলোমিটার। এর মধ্যে ভারতে প্রবাহিত ২৪৯ কিলোমিটার ও বাংলাদেশে প্রবাহিত ১১৭ কিলোমিটার। তিস্তার আওতায় মোট সেচ এলাকার পরিমাণ ১৯ দশমিক ৬৩ লাখ হেক্টর। এর মধ্যে বাংলাদেশে ৭ দশমিক ৪৯ লাখ হেক্টর ও ভারতে ১২ দশমিক ১৪ লাখ হেক্টর।
রাজ্য সরকারের অনীহাই বাধা?: কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে বাংলাদেশের অনুরোধের বিষয়টি ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। তবে এ নিয়ে পশ্চিমবঙ্গের আগের অবস্থানের (পানি কমে যাওয়ায় বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি নয়) কোনো পরিবর্তন হয়নি। ফলে কেন্দ্রীয় সরকারের আশ্বাসের পরও তিস্তা চুক্তি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কারণে ঝুলে থাকছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ অংশে সেচকাজ ও নদী রক্ষায় পানিপ্রবাহ কতটা বাড়বে, তা নিয়ে সংশয় রয়েছে।