তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে দৃঢ় আশাবাদ ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পৃথক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনা প্রেসিডেন্ট বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর আশ্বাস দিয়েছেন। আর ভারতীয় প্রধানমন্ত্রী তিস্তা নদীর পানিবণ্টন চুক্তির বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। খবর বাসসের।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে তিন নেতা নিউইয়র্কে যান। ওই অধিবেশনের ফাঁকে গত বৃহস্পতিবার বৈঠক করেন তাঁরা।
শেখ হাসিনা ও চীনা প্রেসিডেন্ট জিনপিংয়ের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয় নিউইয়র্কের ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া হোটেলে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রেস সচিব বলেন, জিনপিং বাংলাদেশকে চীনের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগিতার অংশীদার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁদের অন্যতম সেরা বন্ধু হিসেবে অভিহিত করেন। চীনা প্রেসিডেন্ট বলেছেন, বাণিজ্য, অর্থনীতি ও শিক্ষা খাতে উভয় দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করা যেতে পারে। একই সঙ্গে তিনি বাংলাদেশ থেকে আরও পাটজাত পণ্য আমদানির আশ্বাস দেন। বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার করিডর নির্মাণে শেখ হাসিনার ভূমিকার প্রশংসাও করেছেন জিনপিং।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে কিছু প্রতিকার ও অগ্রাধিকারমূলক ব্যবস্থা নেওয়ায় চীনা প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। এ ছাড়া শেখ হাসিনা চট্টগ্রামে চীনের বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) গড়ে তুলতে তাঁর সরকারের ৭৭৪ একর জমি বরাদ্দ দেওয়ার কথা জিনপিংকে জানান।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে একই হোটেলে বৈঠক হয় শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী মোদির মধ্যে। তাঁরা আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করতে সার্ক শীর্ষ সম্মেলনের পাশাপাশি নেতাদের মধ্যে বেশি বেশি পারস্পরিক আলোচনার ওপরে জোর দেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, দুই নেতার মধ্যে বৈঠক আধা ঘণ্টা স্থায়ী হয়। বৈঠকে স্থলসীমানা চুক্তি (এলবিএ) ও তিস্তার পানিবণ্টন চুক্তি বাস্তবায়নসহ আঞ্চলিক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ইহসানুল করিম বলেন, তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি যে হবে, এ বিষয়ে মোদি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। তবে কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করেননি তিনি।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিবেশীদের মধ্যে সমস্যা আছে, থাকতে পারে। তবে সব বিরোধ আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে।
উভয় বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। এ ছাড়া শেখ হাসিনা-মোদি বৈঠকে প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, উপদেষ্টা মসিউর রহমান, পররাষ্ট্রসচিব শহীদুল হক এবং শেখ হাসিনা-জিনপিং বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাংসদ দীপু মনি প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে মার্কিন কংগ্রেসের তিন সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওই হোটেলে দেখা করে। তাঁরা দারিদ্র্য নিরসন ও সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদ রুখতে শেখ হাসিনার সরকারের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি মিয়ানমারের উদ্বাস্তু সমস্যা সঠিকভাবে মোকাবিলার জন্য তাঁকে অভিনন্দনও জানান তাঁরা।
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মৌলবাদী বা ধর্মান্ধরা বাংলাদেশে মেয়েদের শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। কারণ, জনগণ তাদের জন্য কোনটি ভালো এবং কোনটি ভালো নয়, সে ব্যাপারে সচেতন। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ‘মেয়েরাই পথ দেখাবে’ শীর্ষক বক্তৃতায় এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত ৪০ জন বাংলাদেশি ছাত্রছাত্রী অংশ নেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘মৌলবাদী শক্তি একসময় মেয়েদের শিক্ষায় বিরোধিতা করত। তবে সেই সময় গত হওয়ায় আমরা এখন সে চ্যালেঞ্জ কাটিয়ে উঠেছি। আমরা যদি তাদের শিক্ষা দিতে এবং অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে সক্ষম করে তুলতে পারি, তাহলে তারা অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে।’
প্রথম আলোর বিশেষ প্রতিনিধি, যুক্তরাষ্ট্র জানান, বক্তৃতা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। পয়লা বৈশাখে ঢাকায় মেয়েদের ওপর হামলার ব্যাপারে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি বলেন, নববর্ষে ঢাকায় ও দেশের অন্যত্র অসংখ্য অনুষ্ঠান হয়। তার মধ্যে মেয়েদের ওপর হামলার ঘটনা ঘটেছে একটি। তিনি জোর দিয়ে বলেন, দোষীদের শাস্তি দেওয়ার ব্যাপারে তাঁর সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে।
মেয়েদের বিয়ের বয়স কমানোর ব্যাপারে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অন্য দেশগুলোতে বিয়ের যে আইনগত বয়স ধরা হয়, তার সমীক্ষার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রশ্নোত্তর পর্বের পর বাঙালি শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার আগ্রহ প্রকাশ করলে তাতে সম্মতি দেন তিনি। নিরাপত্তাকর্মীরা প্রথমে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু প্রধানমন্ত্রী বলেন, ‘ঠিক আছে, ওদের আসতে দাও।’ এরপর সব প্রটোকল ভেঙে শিক্ষার্থীরা মঞ্চে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি ও সেলফি তোলেন।
ঈদ শুভেচ্ছা বিনিময়: জাতিসংঘে বাংলাদেশ মিশন বৃহস্পতিবার ‘ঈদ সন্ধ্যা’ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রবাসী লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবীসহ বিশিষ্টজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, বাংলাদেশের অগ্রগতি ঠেকাতে যারা সংকট সৃষ্টি করেছিল, তারা জনগণের কাছে চিহ্নিত হয়েছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে মানুষের সৃষ্ট সংকট আর যাতে না আসে, সেটি নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেন।