তিস্তার পানিবণ্টন চুক্তি হবে শিগগিরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকার তিস্তার পানিবণ্টন চুক্তি সম্পন্ন করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। শিগগিরই এই চুক্তি সই হবে। এরপর অভিন্ন অন্যান্য নদীর পানিবণ্টনের প্রক্রিয়াও অগ্রসর হবে।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল শনিবার পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকা: পানিভিত্তিক আঞ্চলিক সহযোগিতা’ শীর্ষক ওই সেমিনারে তিনি প্রধান অতিথির বক্তৃতা দেন। পিকেএসএফের ২০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে চার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের অংশ হিসেবে ওই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন পিকেএসএফের পরিচালনা পর্ষদের সভাপতি কাজী খলিকুজ্জামান আহমদ।দীপু মনি বলেন, আন্তসীমান্ত অববাহিকা ব্যবস্থাপনার জন্য আন্তসীমান্ত সহযোগিতা জরুরি। সংকীর্ণ জাতীয়তাবাদী চিন্তা-ভাবনা নিয়ে পানি-সংকটের সমাধান সম্ভব নয়। দক্ষিণ এশিয়ার অববাহিকাভিত্তিক পানি ব্যবস্থাপনায় আঞ্চলিক সহযোগিতাই উপযুক্ততম উপায়। এ জন্য সরকারি-বেসরারি পর্যায়ে সবাইকে কাজ করতে হবে।আলোচনায় আরও অংশ নেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব শেখ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, ভারতীয় পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব রামেস্বামী আর আয়ার, নেপালের পানিসম্পদ বিশেষজ্ঞ ঈশ্বর রাজ অস্তা, বাংলাদেশ পানিসম্পদ পরিকল্পনা সংস্থার সাবেক মহাপরিচালক এম এ কাশেম প্রমুখ।