তিস্তার পানিবণ্টন নিয়ে ফলপ্রসূ আলোচনা: পররাষ্ট্রমন্ত্রী

তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং ভারতের পানিসম্পদমন্ত্রী উমা ভারতীর মধ্যে ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনা হয়েছে। আজ শুক্রবার সকালে ভারতের পানিসম্পদ মন্ত্রণালয়ে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। খবর বাসসের।
মাহমুদ আলী বলেন, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক হয়েছে। তিনি বলেন, তিস্তার পানিবণ্টন চুক্তি ছাড়াও দুই দেশের মধ্যে পানিসম্পদ-সম্পর্কিত সব বিষয়ে তাঁরা আলোচনা করেছেন।
একই সঙ্গে দুই দেশের সুসম্পর্ক আরও জোরদার করার বিষয়ে তাঁরা উভয়ে একমত হয়েছেন।
বৈঠকে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক এ করিম, পররাষ্ট্রসচিব শহীদুল হক ও পানিসম্পদসচিব জাফর আহমদ খান উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী আজ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অর্থমন্ত্রী অরুণ জেটলি ও প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন।