তিস্তার পানির অধিকার পেতে জাতিসংঘে যাওয়ার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে কয়েকজন পানি ও পরিবেশ বিশেষজ্ঞ ভারতের কাছ থেকে তিস্তা নদীর পানির অধিকার ফিরে পেতে বাংলাদেশকে জাতিসংঘে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁরা বলেছেন, দ্বিপক্ষীয় আলোচনায় ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান তিস্তার পানি সমস্যার সমাধান হবে না।
জাতীয় প্রেসক্লাবে গতকাল শনিবার তিস্তাবিষয়ক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে সাউথ এশিয়া ইয়ুথ ফর পিস অ্যান্ড প্রসপারিটি সোসাইটি।
গোলটেবিলে পানিবিশেষজ্ঞ এস আই খান বলেন, ভারতের সঙ্গে গঙ্গা নদীর সমস্যার সমাধান হয়নি। তিস্তা নদীর সমস্যারও সমাধান হবে না। এ জন্য তিনি বিষয়টি নিয়ে জাতিসংঘে যাওয়ার পরামর্শ দিয়ে বলেন, সমুদ্রের ওপর যেমন বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা পেয়েছে, জাতিসংঘে গেলে পানিরও সুষম বণ্টন পাওয়া যেতে পারে। কারণ বিশ্ব জনমত বাংলাদেশের পক্ষে। তাই জাতিসংঘে গেলে সম্মান পাওয়া যাবে।
পানি বিশেষজ্ঞ প্রকৌশলী এনামুল হক বাংলাদেশের অধিকারের বিষয়টি তুলে ধরতে না পারাকে কূটনৈতিক ব্যর্থতা বলে মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বিশেষজ্ঞদেরও ব্যর্থতা আছে বলে মনে করেন। তিনি বলেন, বিষয়টি সরকারকেই জাতিসংঘে তুলে ধরতে হবে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিষয়টি নিয়ে যাওয়া যেতে পারে বলেও এনামুল হক মত দেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সভাপতি জসীমউদ্দিন আহম্মদ বলেন, উজানের পানি প্রত্যাহারের ফলে ও এটি অব্যাহত থাকলে বাংলাদেশ ২৫ থেকে ৩০ বছরের মধ্যে বিরাট মরুভূমিতে পরিণত হবে। তবে তাঁর এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন প্রকৌশলী এনামুল হক।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিলারা চৌধুরী বলেন, নদী মরে যাওয়া মানে বাংলাদেশ মরে যাওয়া। তাই এ বিষয়টি নিয়ে গণমাধ্যমে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
ওয়াটার পার্টনারশিপের সভাপতি শহীদুল হাসান বলেন, দ্বিপক্ষীয়ভাবে এই সমস্যার সমাধান হবে না। তৃতীয় পক্ষ হিসেবে জাতিসংঘের মাধ্যমে এই সমস্যার সমাধান হতে পারে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মোস্তাফা কামাল মজুমদার। অনুষ্ঠানে তিনি একটি প্রবন্ধ উপস্থাপন করেন।