তিস্তার পানির ন্যায্য হিস্যা কামনা করে মানববন্ধন
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় তিস্তার পানি বণ্টনের ন্যায্য হিস্যার বিষয়টি নিশ্চিত হবে বলে কামনা করা হয়েছে। গতকাল সোমবার নীলফামারীর ডিমলা উপজেলায় ডালিয়ায় মানববন্ধন, গণপ্রার্থনা ও নৌমিছিল করে এমন কামনাই করেন স্থানীয় লোকজন। বেলা ১১টায় ডালিয়ায় অবস্থিত দেশের বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে মানববন্ধনের পর তিস্তার পাড়ে গণপ্রার্থনা হয়। শেষে তিস্তা নদীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্ট থেকে একটি গণ-নৌমিছিল বের করে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সাধুরবাজার এলাকায় গিয়ে সমাবেশ হয়।গণপ্রার্থনায় বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রবাহিত তিস্তাসহ অভিন্ন নদ-নদীর পানির সমান ভাগ পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়। সমাবেশে বক্তারা বলেন, দক্ষিণ এশিয়াসহ পৃথিবীর সব নদীর মালিকানাই অববাহিকার জনগণের। তাঁরা নিরাপদ, সুপেয় ও সব কাজে ব্যবহারযোগ্য পানি নিশ্চিত করার আহ্বান জানান।সাউথ এশিয়া ওয়াটার অ্যান্ড ক্লাইমেট জাস্টিসের পক্ষ থেকে বেসরকারি সংস্থা অঙ্গীকার বাংলাদেশ ও নীলাচল এসব কর্মসূচির আয়োজন করে।