তিস্তার পানির ন্যায্য হিস্যা দাবি
তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ-মার্ক্সবাদী) রোডমার্চ কর্মসূচি পালন করেছে। রংপুর থেকে গতকাল সোমবার সকালে রোডমার্চ শুরু হয়ে তিস্তা ব্যারাজ অভিমুখে রওনা হয়। বিকেলে নীলফামারী জেলার জলঢাকা উপজেলা শহরে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
বাসদের জলঢাকা উপজেলা সমন্বয়ক তরণী কান্ত রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, ওবায়েদুল্লাহ মুসা ও আহসানুল হাবীব, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় নেতা মঞ্জুর আলম, বাসদের পঞ্চগড় জেলা সমন্বয়ক তরিকুল আলম, রংপুর জেলা সমন্বয়ক আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তিস্তাসহ অন্যান্য নদীতে পানির অভাবে কৃষকের ৬০০ কোটি টাকার ক্ষতি হয়েছে—অভিযোগ করে তাঁরা এ ক্ষতিপূরণ আদায়ের জন্য আন্তর্জাতিক আদালতে মামলা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।