তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে রোডমার্চ শেষ
ভারতের কাছ থেকে তিস্তাসহ অভিন্ন ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে ঢাকা থেকে তিস্তা বাঁধ (ব্যারাজ) অভিমুখে রোডমার্চ গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। তিস্তা থেকে ভারতের একতরফা পানি প্রত্যাহারের প্রতিবাদে গণতান্ত্রিক বাম মোর্চা গত মঙ্গলবার ওই রোডমার্চ শুরু করেছিল। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানী সাধুর বাজারে এক সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়। রোডমার্চের যাত্রাপথে রংপুর প্রেসক্লাবের নামনে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় এক জনসভা অনুষ্ঠিত হয়। এতে বাসদ রংপুর জেলা কমিটির সমন্বয়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় সমন্বয়ক আবদুস সাত্তার, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, বাংলাদেশের কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা হামিদুল হক, গণসংহতি আন্দোলন রংপুরের সমন্বয়ক তৌহিদুর রহমান প্রমুখ।