তিস্তার পানির ন্যায়সংগত ভাগাভাগি চায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিসম্পদ ভাগাভাগির মাধ্যমে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে উপ-আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার জনগণের স্বার্থের কথা বিবেচনা করে তিস্তা নদীর পানি ন্যায়সংগতভাবে ভাগাভাগিরও আহ্বান জানানো হয়েছে।তিন দিনের সফর শেষে ঢাকায় ফেরার আগে গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই উপদেষ্টা মসিউর রহমান ও গওহর রিজভী।ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আগামী মাসের শুরুতে ঢাকা সফর করার কথা। ওই সফর সামনে রেখে শেখ হাসিনার এই দুজন উপদেষ্টা নয়াদিল্লি সফরে যান।অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান সাংবাদিকদের বলেন, ‘একসঙ্গে কাজ করতে পারলে আমরা কম দামে বিদ্যুৎ পাব।’ তিনি বলেন, উপ-আঞ্চলিক বিদ্যুৎ গ্রিডের বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে। এ ধরনের বিদ্যুৎ গ্রিড স্থাপন করা সম্ভব। তিনি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরে প্রাথমিকভাবে পানি বণ্টন, বিদ্যুৎ খাত এবং পারস্পরিক যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হতে পারে। এক প্রশ্নের জবাবে মসিউর রহমান বলেন, বাংলাদেশের বিভিন্ন পণ্যের শুল্কমুক্ত প্রবেশের ব্যাপারে নয়াদিল্লির সাড়া ‘ইতিবাচক’। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, তিস্তা নদীর পানি ভাগাভাগির জন্য একটি সমঝোতা চুক্তির ব্যাপারে তিনি দারুণ আশাবাদী। বাংলাদেশ তিস্তার পানির আধাআধি ভাগ চায় কি না, এমন প্রশ্নের জবাবে রিজভী কোনো অনুপাতের কথা উল্লেখ করেননি। তবে তিনি বলেন, ‘আমরা ন্যায়সংগত ভাগ চাই।’ নয়াদিল্লি সফরে দুই উপদেষ্টা অর্থমন্ত্রী প্রণব মুখার্জি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। গতকাল সকালে তাঁরা বৈঠক করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে।