তিস্তার পারের কয়েক হাজার পরিবার পানিবন্দী
ভারী বর্ষণ ও উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে নীলফামারীর ডালিয়ায় অবস্থিত সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত আছে।
পরিস্থিতি মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) তিস্তা ব্যারাজের সব কটি (৪৪টি) জলকপাট (স্লুইসগেট) খুলে দিয়েছে। এতে জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার ১৫টি গ্রামের পাঁচ হাজারের বেশি পরিবারের প্রায় ১৫ হাজার মানুষ দুই দিন ধরে পানিবন্দী। তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার রোপা আমনখেত।
এ ব্যাপারে পাউবোর ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, সকাল ছয়টার দিকে তিস্তার পানি ৫২ দশমিক ৬৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও সকাল নয়টায় ৫২ দশমিক ৬০, দুপুর ১২টায় অপরিবর্তিতভাবে ৫২ দশমিক ৬০ এবং বেলা তিনটায় ৫২ দশমিক ৬৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়; যা বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপরে রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ব্যারাজের সব কটি জলকপাট খুলে রাখা হয়েছে।
পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তাবেষ্টিত ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, টেপাখড়িবাড়ি, খগাখড়িবাড়ি-গয়াবাড়ি, খালিশা চাঁপানী ও ঝুনাগাছ চাঁপানী এবং জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ি-শৌলমারী ও কৈমারী ইউনিয়নের ১৫টি গ্রামের মানুষ এই দুর্ভোগে পড়েছে।
ডিমলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল লতিফ খান বলেন, পানি বৃদ্ধি পাওয়ায় পূর্ব চাতনাই ইউনিয়নের তিস্তাবেষ্টিত ঝাড়সিংহেরস্বর ও পূর্ব ছাতনাই গ্রামের সাত শতাধিক পরিবারের দুই সহস্রাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ওই সব পরিবারের প্রায় ১০০ একর রোপা আমনখেত পানির নিচে তলিয়ে আছে।
ডিমলার টেপাখড়িবাড়ি ইউপির চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি ক্রমশ বাড়ছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত তা অব্যাহত আছে। পানি বৃদ্ধি পাওয়ায় টেপাখড়িবাড়ি ইউনিয়নের তিস্তাবেস্টিত চর খড়িবাড়ি, উত্তর খড়িবাড়ি ও পূর্ব খড়িবাড়ি গ্রামে বসবাসরত পাঁচ শতাধিক পরিবারের দেড় সহস্রাধিক মানুষ পানিবন্দী। বিস্তীর্ণ এলাকার আমনখেত তলিয়ে আছে।
ডিমলার খালিশা চাঁপানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রমজান আলী জানান, তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করায় পশ্চিম বাইশপুকুর, পূর্ব বাইশপুকুর, ছোটখাতা গ্রামে সহস্রাধিক পরিবারের ঘরবাড়ি প্লাবিত হয়। অনেক গ্রাম হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে গেছে।
পাউবোর ডালিয়ায় অবস্থিত বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানায়, ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে বৃহস্পতিবার বেলা তিনটায় তিস্তা নদীর পানি বিপৎসীমার (৫২ দশমিক ৪০ মিটার) ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। কিন্তু শুক্রবার সকাল ছয়টায় আরও বৃদ্ধি পেয়ে ২৩ সেন্টিমিটার ওপরে ওঠে। পানি ধীরে ধীরে কমে দুপুর ১২টার দিকে ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। বেলা তিনটায় পানি আরও বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।