তিস্তার প্রতিরক্ষা বাঁধে ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদী প্রতিরক্ষা বাঁধের (নগর রক্ষা বাঁধ) দুই স্থানে আঘাত হেনেছে। এতে বাঁধটি হুমকির মুখে পড়েছে।গতকাল বুধবার সরেজমিন ঘুরে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের গান্নারপাড় ও ধামুর এলাকায় গত শুক্রবার থেকে নদীভাঙন তীব্র হয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) গত শুক্রবার গান্নাারপাড় এলাকায় বাঁশের পাইলিং করে ও বালুর বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা চালায়। কিন্তু পানির তোড়ে এগুলো ভেসে গেছে।গত ছয় দিনে ওই দুটি স্থানে ভাঙতে ভাঙতে নদী বাঁধে এসে ঠেকেছে। বাঁধে লাগানো সিমেন্টের অনেক ব্লক ধসে পড়েছে। এলাকাবাসী জানান, বন্যার পানি কমা শুরু হলেও এখন নদীভাঙন দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, সময়মতো পাউবো কর্তৃপক্ষ ভাঙন ঠেকাতে কোনো পদক্ষেপ নেয়নি। ভাঙনের কারণে গত এক মাসে অনেকের আবাদি জমি, গাছপালা, বাঁশঝাড় নদীগর্ভে বিলীন হয়েছে।ধামুর এলাকার শমসের মিয়া (৫৫) বলেন, ‘এই বাঁধ থাকি নদী অনেক দূরত ছিল। ভাঙন ঠেকাপার জন্যে পানি উন্নয়ন বোর্ড সময়মতো কাজ করে নাই। এই জন্যে মূল বাঁধ ভাঙার উপক্রম হইছে।’স্থানীয় ইউপি সদস্য শ্যামল রায় বলেন, ‘বাঁধের ওপরে থাকা গাছগুলো কেটে ভাঙনকবলিত এলাকায় ফেলা হচ্ছে। কিন্তু এতেও মনে হয় শেষরক্ষা হবে না।’ গঙ্গাচড়া সদর ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, ভাঙন রোধে পাউবো কর্তৃপক্ষকে জানানো হলেও যথাসময়ে তেমন কোনো পদক্ষেপ না নেওয়ায় নগর রক্ষাবাঁধ ভাঙার উপক্রম হয়েছে।গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর জানান, যথাসময়ে জরুরি ভিত্তিতে ভাঙন রোধে কাজ করার পরেও ভাঙন মূল বাঁধে আঘাত হেনেছে।পাউবো রংপুরের উপবিভাগীয় প্রকৌশলী রইস উদ্দিন বলেন, ‘নদীর পানি তীব্র বেগে আঘাত করায় বাঁধটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বরাদ্দের অভাবে যথাসময়ে বাঁধ রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা যায়নি। এর পরও ভাঙন রোধে চেষ্টা অব্যাহত রয়েছে।’