তিস্তার প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হবে না ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুল ইসলাম মাহমুদ
আনিসুল ইসলাম মাহমুদ

পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ আশা প্রকাশ করেছেন, তিস্তা চুক্তি সইয়ের ব্যাপারে ভারতের সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশকে প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁরা তাঁদের সেই প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হবেন না।
গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী এই আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপ্রিলে দ্বিপক্ষীয় সফরে ভারতে যাওয়ার কথা রয়েছে। ওই সফরে তিস্তা চুক্তির অগ্রগতি হবে কি না, জানতে চাইলে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘পানি নিয়ে কথা হচ্ছে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফরের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বলেছিলেন, তিস্তা চুক্তি সই হবেই, এটি সময়ের ব্যাপার মাত্র। সময়ের প্রসঙ্গটি তিনি বলেছিলেন; কারণ, ওই সময় আমাদের প্রতিবেশী একটি রাজ্যের আপত্তি ছিল। পরে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে এসে কথা দিয়েছিলেন, তিস্তা চুক্তি সই হবেই। আমি বিশ্বাস করি, দুই প্রধানমন্ত্রী যেখানে কথা দিয়েছেন, সেটা থেকে তাঁরা বিচ্যুত হবেন না। আমি আশাবাদী। তবে বর্তমানে কথা চলছে, আসলেই কী হবে, এখনই সেটা ঠিক বলা যায় না।’
ভারতের গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের মতবিরোধ ক্রমেই বাড়ছে। এমন অবস্থায় তিস্তা চুক্তির সম্ভাবনা নেই।
তিস্তা চুক্তি সইয়ের সম্ভাবনা কম বলে বাংলাদেশ কি এখন গঙ্গা ব্যারাজের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে—এর জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা দুটি বিষয়েই গুরুত্ব দিচ্ছি। দুটিই আমাদের প্রয়োজন এবং সেভাবেই চেষ্টা চলেছ। এই বিষয়গুলো নিয়ে যখন আমরা কাজ করি, তখন কিছুটা বাস্তববাদী হতে হয়। কাজেই এসব সমস্যা মাথায় রেখেই এগোতে হয়।’ গঙ্গা ব্যারাজ নির্মাণে ভারতের সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, ‘গঙ্গা ব্যারাজ যে এলাকায় হবে, তার এক-চতুর্থাংশ ভারতে পড়েছে। এই প্রকল্পের ব্যাপারে ভারতের কিছু প্রশ্ন ছিল। বিশেষ করে পানির উল্টো প্রবাহ, পলি জমে ওঠার ব্যাপারে তাদের প্রশ্ন ছিল। এ বিষয়গুলো নিয়ে আমরা তাদের প্রশ্নের জবাব দিয়েছি। দুই দেশের বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি হয়েছে। আশা করি, এই কমিটি তাদের সমীক্ষা প্রতিবেদন দেবে। ফারাক্কা ব্যারাজের ব্যাপারে ভারতের রাজনৈতিক মহলে বিতর্ক চলছে। বিশেষ করে বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার সম্প্রতি জোরালোভাবে ফারাক্কা ব্যারাজের নেতিবাচক বিষয় নিয়ে কথা বলেছেন। তাই গঙ্গা ব্যারাজ তৈরি হলে আমাদের দেশে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি না, তা আমরা আবার পরীক্ষা-নিরীক্ষা করে দেখব।’
পানিসম্পদমন্ত্রী বলেন, বড় নদীগুলো খনন করতে মোট ৯ লাখ কোটি টাকা দরকার। বাংলাদেশের পক্ষে এত টাকার সংস্থান করা সম্ভব নয়। তাই বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে বালুর বিনিময়ে নদীখননের কথা বিবেচনা করা হচ্ছে। প্রাথমিকভাবে সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা হচ্ছে। তিনি বলেন, ‘কিছু দেশ আমাদের বালু নিয়ে যাওয়ার কথা বলছে। তারা নিজেরা খনন করবে, যে মাটি আসবে তারা নিয়ে যাবে। তাই কিছু কিছু জায়গায় পরীক্ষামূলক খনন চালিয়ে দেখছি, এর কোনো খারাপ প্রভাব পড়ে কি না।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী।