তিস্তার প্রবাহ ১০ শতাংশে নেমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ সাম্প্রতিক মাসগুলোতে অব্যাহতভাবে কমছে। ডালিয়ায় ১৯৭৩-১৯৮৫ সাল পর্যন্ত পানির যে গড় প্রবাহ ছিল, তার মাত্র ১০ শতাংশের মতো এখন পাওয়া যাচ্ছে। এতে প্রচণ্ডভাবে ব্যাহত হচ্ছে সেচ প্রকল্পের কাজ।
১৯৭৩-৮৫ সময়কালে মার্চের প্রথম ১০ দিন ৬২৬১ কিউসেক, দ্বিতীয় ১০ দিন ৫৮৮৭ কিউসেক ও তৃতীয় ১০ দিন ৬৭১০ কিউসেক পানি পাওয়া গিয়েছিল তিস্তায়। গত মার্চে তা ছিল যথাক্রমে ৫৭৪ কিউসেক, ৫৫৩ কিউসেক ও ৫৫০ কিউসেক।
তিস্তা চুক্তি সই না হওয়া পর্যন্ত বাংলাদেশের সেচ প্রকল্পে ব্যবহারের জন্য পর্যাপ্ত ও নদী রক্ষার লক্ষ্যে ‘ন্যায়সংগত পরিমাণ’ পানি ছাড়তে দিল্লিকে অনুরোধ জানিয়ে আসছে ঢাকা। গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অন্তত পাঁচ দফায় চিঠি চালাচালি করে ও বৈঠকে আলোচনার মাধ্যমে বিষয়টি তুলেছে বাংলাদেশ। ভারত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেও পানিপ্রবাহ ক্রমাগত কমছে।
তিস্তা নদীর দৈর্ঘ্য ৩৬৬ কিলোমিটার। এর মধ্যে ভারতে প্রবাহিত ২৪৯ কিলোমিটার ও বাংলাদেশে ১১৭ কিলোমিটার। তিস্তার আওতায় মোট সেচ এলাকার পরিমাণ ১৯ দশমিক ৬৩ লাখ হেক্টর। এর মধ্যে বাংলাদেশে ৭ দশমিক ৪৯ লাখ হেক্টর ও ভারতে ১২ দশমিক ১৪ লাখ হেক্টর।
ডালিয়া পয়েন্টের অবস্থান লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানিতে। এখানেই তিস্তা সেচ প্রকল্প অবস্থিত। তিস্তা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে নীলফামারীর ডিমলা উপজেলার ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ গ্রাম দিয়ে। এ স্থানটি ডালিয়া পয়েন্ট থেকে ২০ কিলোমিটার উজানে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, তিস্তায় পানিপ্রবাহ কমার বিষয়টি খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গের গজলডোবায় ভারতীয় বিশেষজ্ঞদের পাঠানোর প্রতিশ্রুতি দেয় দিল্লি। প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সেখানে ভারতীয় বিশেষজ্ঞদের পাঠানো হয়েছে কি না, কিংবা তাঁরা গজলডোবায় গিয়ে কী দেখলেন, তা এখনো বাংলাদেশকে জানানো হয়নি।
গত ২০ মার্চ দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং তাঁর দেশের বিশেষজ্ঞদের গজলডোবায় পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।
জানতে চাইলে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান গতকাল শুক্রবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ডালিয়া পয়েন্টে তিস্তার পানি অব্যাহতভাবে কমার বিষয়টি ভারতকে বেশ কয়েকবার জানানো হয়েছে। অথচ এর পরও পানি কমছে। এ পরিস্থিতিতে তিস্তা সেচ প্রকল্প অব্যাহত রাখতে বিকল্প পথ খুঁজে দেখতে আমরা সমীক্ষার উদ্যোগ নিয়েছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গত বৃহস্পতিবার এ প্রতিবেদককে জানান, এখন ভারতের নির্বাচন পর্যন্ত অপেক্ষা ছাড়া বাংলাদেশের কিছু করার নেই। কারণ, দিল্লিতে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত পরিস্থিতি পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। তিস্তার পানিপ্রবাহ কমার বিষয়টি ভারতের সঙ্গে সুরাহার ক্ষেত্রে রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন। এই কর্মকর্তা আশঙ্কা করছেন, আগামী শুষ্ক মৌসুমে পানি কমার ধারা অব্যাহত থাকলে ওই অঞ্চলের কৃষি উৎপাদনের পাশাপাশি জীবন ও জীবিকা বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
‘প্রবাহ তো ঠিকই আছে’!: ঢাকার কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ তথ্যে-উপাত্তে তিস্তার প্রবাহ কমার বিষয়টি উল্লেখ করলেও দিল্লির কর্মকর্তারা মনে করেন নদীর প্রবাহ ঠিকই আছে। এ প্রসঙ্গে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দিল্লি সফরের কথা উল্লেখ করে বাংলাদেশের এক কূটনীতিক বলেন, সম্প্রতি দিল্লি সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে শিরীন শারমিন চৌধুরী একপর্যায়ে তিস্তা চুক্তি সইয়ের প্রসঙ্গ টানেন। তখন চুক্তি সইয়ে ভারতের অঙ্গীকারের কথা উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী। একপর্যায়ে মনমোহন সিং বলেন, তিস্তার প্রবাহ তো ঠিকই আছে।
ভারতের সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে তিস্তা নিয়ে এই দৃষ্টিভঙ্গি থাকলে শিগগিরই সমাধানের আশা কঠিন বলে মনে করেন ওই কূটনীতিক।
পানি কমেছে উদ্বেগজনক হারে: পানিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত জানুয়ারিতে ডালিয়া পয়েন্টে তিস্তার প্রবাহ ১৯৭৩-৮৫ সময়কালের চেয়ে গড়ে প্রায় এক-তৃতীয়াংশে নেমে এসেছে। ফেব্রুয়ারিতে তা কমে ছয় ভাগের এক ভাগে নেমে আসে। আর মার্চে তা নেমেছে এক-দশমাংশে।
পশ্চিমবঙ্গের গজলডোবায় ব্যারাজ নির্মাণ শুরুর আগে ১৯৭৩-৮৫ সময়কালে বাংলাদেশ অংশে তিস্তার পানিপ্রবাহ বেশ ভালো ছিল বলে তুলনার জন্য ওই সময়ের হিসাব উল্লেখ করা হয়।
প্রাপ্ত তথ্যে-উপাত্তে দেখা গেছে, ১৯৭৩-৮৫ সময়কালে গড়ে জানুয়ারির প্রথম ১০ দিন এই হার ছিল যথাক্রমে ৭০১০ কিউসেক, দ্বিতীয় ১০ দিন ৬১০৬ কিউসেক ও তৃতীয় ১০ দিন ৫৬৬৮ কিউসেক।
২০১৩ সালের জানুয়ারিতে এ হার ছিল যথাক্রমে ১৮৫৩ কিউসেক, ১৫৭৬ কিউসেক ও ১৭৬১ কিউসেক।
২০১৪ সালের জানুয়ারিতে এ হার কমে হয়েছে যথাক্রমে ২৬৮৪ কিউসেক, ২০৮৯ কিউসেক ও ১৯৪৬ কিউসেক।
১৯৭৩-৮৫ সময়কালে ফেব্রুয়ারিতে প্রথম ১০ দিন এ হার ছিল ৫৯৮৬ কিউসেক, দ্বিতীয় ১০ দিন ৫১৪৯ কিউসেক ও তৃতীয় ১০ দিন ৫৬৬৭ কিউসেক।
২০১৩ সালের ফেব্রুয়ারিতে এ হার ছিল যথাক্রমে ২৩৪১ কিউসেক, ১৮৫৪ কিউসেক ও ২৬৯৭ কিউসেক।
২০১৪ সালের ফেব্রুয়ারিতে এ হার কমে হয়েছে যথাক্রমে ৯৬৩ কিউসেক, ৭২২ কিউসেক ও ৭৯৩ কিউসেক।
১৯৭৩-৮৫ সময়কালে মার্চের প্রথম ১০ দিন এ হার ছিল ৬২৬১ কিউসেক, দ্বিতীয় ১০ দিন ৫৮৮৭ কিউসেক ও তৃতীয় ১০ দিন ৬৭১০ কিউসেক।
২০১৩ সালের মার্চে এ হার ছিল যথাক্রমে ২৯১৫ কিউসেক, ২৪৮৭ কিউসেক ও ২৯৫২ কিউসেক।
২০১৪ সালের মার্চে তা কমে হয়েছে যথাক্রমে ৫৭৪ কিউসেক, ৫৫৩ কিউসেক ও ৫৫০ কিউসেক।