তিস্তার পানিবণ্টন চুক্তি সইয়ের প্রক্রিয়া জোরদার করতে রাজি হয়েছে বাংলাদেশ ও ভারত। এরই অংশ হিসেবে ঢাকায় অনুষ্ঠিত পানিসম্পদসচিবদের বৈঠকে চুক্তি সইয়ের খুঁটিনাটি বিভিন্ন বিষয়ে দুই দেশের মতপার্থক্য কমে এসেছে। ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের সময় এ ব্যাপারে ইতিবাচক ফল ঘোষণা হতে পারে। যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক শেষে দুই দেশের কর্মকর্তারা গতকাল মঙ্গলবার এ আশার কথা শুনিয়েছেন।রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় জেআরসির সচিব পর্যায়ের দুই দিনের বৈঠকে ইছামতী নদী পুনঃখনন, ফেনী নদীর পানি ব্যবহার করে ত্রিপুরার সাবরুম শহরের লোকজনের জন্য পানীয় জল সরবরাহ প্রকল্প গ্রহণ, নদীতীর সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।বৈঠকে বাংলাদেশের ১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পানিসম্পদসচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান ও ভারতের সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সে দেশের পানিসম্পদসচিব উমেশনারায়ণ পাঁজিয়ার।বৈঠক শেষে যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুকনো মৌসুমে তিস্তার পানি কমার ফলে সীমান্তের দুই পারের মানুষের কষ্টের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই প্রেক্ষাপটে তিস্তার পানি বণ্টন চুক্তির প্রক্রিয়া ত্বরান্বিত হওয়া উচিত।উমেশনারায়ণ পাঁজিয়ার বলেন, ‘তিস্তার পানি বণ্টন চুক্তির ব্যাপারে আমরা (দুই দেশ) আমাদের দূরত্ব কমিয়ে এনেছি। এটি অনিবার্যভাবেই তিস্তা চুক্তি সইয়ের প্রক্রিয়া ত্বরান্বিত করবে।’ওয়াহিদ-উজ-জামান বলেন, ‘আলোচনা শেষে আমরা এমন একটা পর্যায়ে পৌঁছেছি, যার ফলে দুই দেশের মানুষ এর সুফল পাবে। আমরা আশা করি, আলোচনার ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের ক্ষেত্রে প্রভাব ফেলবে।’তিস্তার পানি বণ্টন চুক্তিতে বাংলাদেশকে কী পরিমাণ পানি দেওয়া হবে, জানতে চাইলে ভারতের পানিসম্পদসচিব বলেন, ‘চুক্তি অনুযায়ী নদীর পানি কোন দেশ কত ভাগ পাবে, সেটা ঠিক করার দায়িত্ব আমাদের দেওয়া হয়নি। এটি মূলত উচ্চপর্যায়ে নির্ধারিত হবে।’আগামী মাসের শুরুতে দুই দেশের ওপর দিয়ে প্রবহমান অভিন্ন ও সীমান্তবর্তী নদীর ভাঙন রোধের কাজ আবার শুরু করতে দুই পক্ষই রাজি হয়েছে। এ ছাড়া ইছামতী নদী পুনঃখননের কাজও ফেব্রুয়ারি মাস থেকে শুরু করতে দুই দেশের মতৈক্য হয়েছে। এ ছাড়া ফেনী নদীর ১ দশমিক ৮২ কিউসেক পানি প্রত্যাহার করে ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুম শহরের লোকজনের খাওয়ার পানি সরবরাহে প্রকল্প শুরু করতে সম্মত হয়েছেন দুই দেশের কর্মকর্তারা।