তিস্তা সমস্যার জট কাটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের দেওয়া প্রতিশ্রুতির ব্যাপারে নতুন করে আশ্বাস দিলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিস্তার বদলে বিকল্প প্রস্তাব রাখলেন।
গতকাল শনিবার দুপুরে হায়দরাবাদ হাউসের দ্বিপক্ষীয় অনুষ্ঠানের পর শেখ হাসিনার আমন্ত্রণে সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি ভবনে যান। সেখানে প্রায় এক ঘণ্টা ধরে দুই নেত্রীর আলোচনায় মমতা এই প্রস্তাব দেন। শেখ হাসিনাকে তিনি বলেন, ‘তিস্তা নিয়ে আমাদেরই অনেক সমস্যা রয়েছে। আপনারা বরং তোর্ষা, ধানসিঁড়ি, মানসিঁড়ির মতো উত্তরবঙ্গের অন্য নদীগুলির পানি নিন।’
মমতার এই বিকল্প প্রস্তাব সম্পর্কে শেখ হাসিনার মনোভাব কী, তা জানা যায়নি।
শেখ হাসিনার সঙ্গে আলোচনার পর দলীয় নেতা সাংসদ মুকুল রায়ের সরকারি বাংলোর লনে দাঁড়িয়ে মমতা নিজেই এই বিকল্প প্রস্তাবের কথা সাংবাদিকদের বলেন। তিনি বলেন, ‘শেখ হাসিনাকে আমি বলি, জল একটা সেন্টিমেন্টাল ব্যাপার। জলের আরেক নাম জীবন। তিস্তা নিয়ে আমাদের সমস্যা রয়েছে। ওটাই আমাদের লাইফলাইন। তিস্তায় জল নেই। কৃষির কাজ হয় না। পানীয় জলের সমস্যা প্রকট। ফারাক্কার জন্যও গঙ্গায় জল কমে গেছে। ড্রেজিং হয় না। এনটিপিসির বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। অথচ আমরা চাই বাংলাদেশ জল পাক।’
কিন্তু কীভাবে তা পেতে পারে? মমতা বলেন, ‘সেই বিকল্প প্রস্তাবটাই শেখ হাসিনাকে দিয়েছি। বলেছি, উত্তরবঙ্গে বেশ কয়েকটা অন্য নদী রয়েছে। তোর্ষা, ধানসিঁড়ি, মানসিঁড়ির মতো আরও কয়েকটা। সব কটাই বাংলাদেশে গিয়েছে। সেই নদীগুলির জল শেয়ার করা যেতে পারে।’ মমতা বলেন, ‘বাংলাদেশের সমস্যাটা আমি বুঝি। খারাপ লাগে। ওঁরা বারবার আসেন। জল নিয়ে দাবি জানান। এই নদীগুলোয় কোনো ব্যারাজ নেই। বলেছি, এই প্রস্তাবটা আপনারা খতিয়ে দেখুন।’
শনিবার হায়দরাবাদ হাউসে মধ্যাহ্নভোজের আসরে প্রধানমন্ত্রী মোদি নিজেই মমতাকে তাঁর টেবিলে ডেকে নেন। বলেন, তিস্তার বিষয়টা আপনি একটু দেখুন। বাংলাদেশের সত্যিই সমস্যা হচ্ছে। ওই টেবিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। প্রধানমন্ত্রীর এই কথার প্রায় সঙ্গে সঙ্গেই মমতাকে শেখ হাসিনা তাঁর সঙ্গে নৈশভোজে যোগ দেওয়ার অনুরোধ করেন। মমতা প্রাথমিক জড়তা কাটিয়ে আমন্ত্রণ গ্রহণ করেন। হায়দরাবাদ হাউসের আনুষ্ঠানিক বৈঠকের আগে সুষমাও অবশ্য প্রায় আধঘণ্টা নিভৃতে কথা বলেন মমতার সঙ্গে। বিষয়ও ছিল তিস্তাই।
তিস্তায় পানিপ্রবাহ বাড়িয়ে বাংলাদেশকে তার প্রাপ্য দেওয়ার প্রস্তাব মমতা দেননি। কেন দিলেন না, সে বিষয়ে একটি রাজনৈতিক ব্যাখ্যা হলো, মমতা হয়তো তাঁর সম্মতি ছাড়াই কেন্দ্রকে এই চুক্তি সইয়ের রাস্তায় এগোনোর সংকেত দিচ্ছেন। তাতে এই ইস্যুতে রাজ্যে আগ্রাসী বিজেপির পায়ের তলার জমি নড়বড়ে করা যাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মমতা কলকাতায় যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কলকাতা বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা নিবিড় সম্পর্ক স্থাপন করা যায়। এই দুই বিশ্ববিদ্যালয়ের কোনোটায় বঙ্গবন্ধুর নামে একটি ‘চেয়ার’ করারও প্রস্তাব তিনি দিয়েছেন। কলকাতায় বঙ্গবন্ধু ভবন করার কথাও বলেছেন। আর বিস্ময় প্রকাশ করে বলেছেন, বাংলাদেশে কেন পয়লা বৈশাখ সব সময় ১৪ এপ্রিল উদ্যাপন করা হয়? কেন পঞ্জিকা অনুযায়ী দিনটি উদ্যাপিত হয় না?