তিস্তার বিকল্প প্রস্তাব কেবল বালখিল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, আন্তর্জাতিক নদী তিস্তার পানির ওপর বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার আছে। তিস্তার পানি দয়া দাক্ষিণ্যের ব্যাপার নয়, তিস্তা চুক্তির বিকল্প প্রস্তাব কেবল বালখিল্য।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে গতকাল মঙ্গলবার বিকেলে জেলা ওয়ার্কার্স পার্টির এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মেনন এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘চোখের জলে যেমন নদী হয় না, তোর্সা তেমনি তিস্তার বিকল্প হয় না।’

রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশের জনগণ গঙ্গার মতো তিস্তার ন্যায্য অধিকারও আদায় করে নেবে।

জনসভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ মো. ইয়াসিন আলী। বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য মাহমুদুল হাসান মানিক, নূর আহম্মদ বকুল, কেন্দ্রীয় সদস্য মোসাদ্দেক হোসেন, হবিবর রহমান, ওয়ার্কার্স পার্টির ঠাকুরগাঁও জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ফয়জুল ইসলাম, জেলা নারীমুক্তি সংসদের আহ্বায়ক আফরোজা পারভিন প্রমুখ।