তিস্তার ভাঙন রোধে জরুরি উদ্যোগ
তিস্তা নদীর ভাঙনের মুখে পড়া গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের চিলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় রক্ষা করাসহ প্রায় ৫০০ মিটার এলাকাজুড়ে বাঁশের পাইলিং করে প্রচুর বালুর বস্তা ফেলা হচ্ছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং স্থানীয় সাংসদ মসিউর রহমান রাঙ্গা সরেজমিনে পরিদর্শন শেষে গতকাল শনিবার এ উদ্যোগ নিয়েছেন। মন্ত্রী বলেন, গতকাল শনিবার এক হাজার বালুর বস্তা ফেলা হয়েছে। একই সঙ্গে বাঁশের পাইলিং করা হচ্ছে। নদীর ভাঙন থেকে রক্ষা না হওয়া পর্যন্ত এ কাজ অব্যাহত থাকবে। জরুরি ভিত্তিতে এসব কাজ তদারকি করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
এদিকে গত দুই দিনের ব্যবধানে উজান থেকে পাহাড়ি ঢল নেমে আসায় গঙ্গাচড়া উপজেলার নদী তীরবর্তী এলাকার মানুষের বাড়িঘরে আবারও নতুন করে পানি উঠেছে।
কোলকোন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মমিনুর ইসলাম বলেন, নদীভাঙন থেকে বিদ্যালয়টি আপাতত রক্ষা করা গেছে।
পাউবোর রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, ‘গত দুই দিনে নদীর পানি কিছুটা বেড়েছে। ভাঙনরোধে গঙ্গাচড়ার কিছু এলাকায় জরুরি ভিত্তিতে বাঁশের পাইলিং করে ও বালুর বস্তা ফেলে কাজ করা হচ্ছে। আশা করি, এ কাজ অব্যাহত থাকবে।’