তিস্তার ভাঙন রোধে বাঁধ নির্মাণ করছে এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষা মৌসুম শুরু হতে না হতেই রংপুরের গঙ্গাচড়া উপজেলার হাজিপাড়া গ্রামের তিস্তার ভাঙন শুরু হয়েছে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে কোনো উদ্যোগ না নেওয়ায় এবার এলাকাবাসী উদ্যোগ নিয়েছে। স্থানীয়ভাবে চাঁদা তুলে তারা বাঁধ নির্মাণ শুরু করেছে।সরেজমিনে জানা যায়, উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি হাটের পাশে হাজিপাড়া গ্রামে এক হাজারের অধিক পরিবারের বসবাস। প্রতিবছর বন্যায় গ্রামটি তলিয়ে যায়। উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়। এবার তিস্তার ভাঙন থেকে গ্রামটি রক্ষা করতে এলাকাবাসী গত ৭ মার্চ থেকে স্বেচ্ছাশ্রমে প্রায় দুই হাজার ফুট দৈর্ঘ্যের একটি বাঁধের কাজ শুরু করেছে। ইতিমধ্যে ৫০০ থেকে ৬০০ ফুট বাঁশের পাইলিং করা হয়েছে। এরপর বাঁধের পাশ ঘেঁষে বালুর বস্তা ফেলা হবে। এভাবে পর্যায়ক্রমে দুই হাজার ফুটের বাঁধটি নির্মাণ করা হবে। আলমবিদিতর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোকাররম হোসেন জানান, এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছেন। কেউ বালুর বস্তা দিয়েছেন। কেউ বাঁশ দিয়েছেন। আনুমানিক কত খরচ হবে, এর সঠিক হিসাব তিনি জানাতে পারেননি। গ্রামের প্রায় প্রতিটি পরিবারের লোকজন পর্যায়ক্রমে কাজ করছেন। গ্রামের বাসিন্দা আশরাফ মিয়া (৫৫) বলেন, ‘গেল বছর হামার জমির সোগ ধান নদীর পানিত ভাসি নিয়া গেইছে। ঘরবাড়ি তলে গেছল। এবার যাতে এমন আগের মতো অবস্থা না হয়, সেই জন্য হামরা একজোট হইছি।’ শিক্ষক মশিউর রহমান বলেন, ‘প্রতিবছরই উপজেলা প্রশাসনের কাছে ধরনা দিয়ে শুধু প্রতিশ্রুতি মিলেছে। কিন্তু বাঁধ নির্মাণ হয়নি। তাই এবার নিজেরাই নেমে পড়েছি।’ স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ কমিটির উদ্যোক্তা রোকোনুজ্জামান বলেন, ‘বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ এলাকাবাসীর সহযোগিতায় বাঁশের পাইলিং দিয়ে মাটি কেটে বালুর বস্তা ফেলে বাঁধের কাজ শুরু করা হয়েছে। আশা করা যাচ্ছে, এবারের মতো এই এলাকাটি ভাঙন থেকে রক্ষা করা যাবে।’ গঙ্গাচড়া উপজেলার পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান প্রামাণিক জানান, উপজেলা পরিষদ থেকে আর্থিক সহায়তা করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীকে নানাভাবে সহযোগিতা করা হচ্ছে।