তিস্তার ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম রাজারহাটে তিস্তা নদীর ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে গতকাল শুক্রবার মানববন্ধন করা হয়েছে। সকালে রাজারহাট প্রেসক্লাব চত্বরে ‘আমরা রাজারহাটবাসী’র এ কর্মসূচি থেকে ভাঙন রোধে বাঁধ নির্মাণসহ বিভিন্ন দাবি জানানো হয়।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। পরে অনুষ্ঠিত  এক সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুনুর মো. আক্তারুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. হবিবুর রহমান, জেলা পরিষদ সদস্য মো. আবদুস ছালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সুমন কুমার রায়, ‘আমরা রাজারহাটবাসী’র নেতা তৌহিদুর রহমান ও আসাদুজ্জামান এম রতন, ভাঙনকবলিত এলাকার বাসিন্দা মনিবুল হক বসুনিয়া মাস্টার প্রমুখ। বক্তারা তিস্তার পাশাপাশি ধরলা নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

এ বিষয়ে কুড়িগ্রাম-২ আসনের সাংসদ মো. তাজুল ইসলাম চৌধুরী মুঠোফোনে বলেন, ‘আমি তিস্তা ও ধরলা নদীর ভাঙন রোধে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছি। তিনি আমাকে বলেছেন, এ জন্য বরাদ্দ পাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে দ্রুতই ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া যাবে বলে আমি আশা করছি।’