তিস্তার ভাঙনে ছোট হয়ে আসছে দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজান থেকে আসা পাহাড়ি ঢলে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তিস্তা নদীর ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। ভাঙনে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের শতাধিক একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এ ছাড়া নতুন করে দহগ্রাম মহিমপাড়া পশ্চিমবাড়ি মুশিদাবাদী মক্তব, মহিমপাড়া, সর্দারপাড়া, পশ্চিমবাড়ি, এক নম্বর ওয়ার্ড, নতুন বাজারসহ বিস্তীর্ণ এলাকা হুমকির মুখে পড়েছে।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড (বাউবো) সূত্র জানায়, ১৯৯৫-৯৬ অর্থবছরে দহগ্রামের উজানে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে ৯১৬ মিটার বাঁধ নির্মাণ করা হয়। এরপর ২০০৭-০৮ অর্থবছরে এক কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ২০০ মিটার বাঁধ নির্মাণ ও ২০১০-১১ অর্থবছরে এক কোটি টাকা ব্যয়ে ১৫০ মিটার বাঁধ নির্মাণ করা হয়।
৫ আগস্ট এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, বন্যানিয়ন্ত্রণ বাঁধ না থাকায় ওই ইউনিয়নের হাড়িপাড়া-বঙ্গেরবাড়ি আঞ্চলিক সড়কটি হুমকির মুখে পড়েছে। যেকোনো সময় সড়কটি ভেঙে ওই ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত সাঁকোয়া নদের সঙ্গে মিশে দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলটি আকারে ছোট হয়ে আসবে বলে এলাকাবাসী আশঙ্কা করছে।
ভাঙনকবলিত এলাকার ১০-১২ জন জানান, দফায় দফায় বর্ষণ ও পানি বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে নদী ভাঙছে। গত ১৪ দিনের ব্যবধানে ইউনিয়নের মহিমপাড়া, পশ্চিমবাড়ি, সর্দারপাড়াসহ কয়েকটি এলাকায় নদীভাঙনে ফসলি জমিসহ শতাধিক বাঁশঝাড়, গাছপালা ও রাস্তাঘাট বিলীন হয়েছে। এখন আবার নতুন করে অনেকের বসতভিটা ভাঙনের মুখে পড়েছে।
মহিমপাড়া এলাকার আবদুল কুদ্দুস বলেন, ‘তিন-চার বছর আগোত সরকার ১৫০ মিটার নদীর বাঁধ দিয়া আর কোনো খবর নিচ্ছে না। এলা মোর বাড়িটাও দুই-এক দিনের মধ্যে ভাঙগি যাবে। এলা যে অবস্থা তাতে তিস্তার ভাঙনে দহগ্রাম ছোট হয়ে আসবে বাহে।’
হাড়িপাড়া গ্রামের কৃষক মুকুল হোসেন জানান, তাঁরা সরকারের কাছে কোনো টাকা চান না। শুধু চান নদীভাঙনের হাত থেকে তাঁদের রক্ষা করা হোক। একই দাবি জানান আরও ২০-২৫ জন।
দহগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফরিদুল ইসলাম বলেন, তিস্তা নদী ভারত থেকে এই ইউনিয়নের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এর প্রবেশমুখের এলাকা প্রতিদিন নদীগর্ভে বিলীন হচ্ছে। এভাবে ভাঙতে থাকলে দহগ্রাম আকারে ছোট হবেই। তা ছাড়া কিছুদিনের মধ্যে গোটা ইউনিয়ন নিশ্চিহ্ন হয়ে যাবে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) বারবার জানানোর পরও কোনো পদক্ষেপ নিচ্ছে না।
লালমনিরহাট পাউবোর বিভাগীয় উপসহকারী প্রকৌশলী আবদুল্লা আল মামুন বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সীমান্ত নদী সংরক্ষণকাজের আওতায় বরাদ্দ চাওয়া হয়েছে। ওই বরাদ্দের মধ্যে চার হাজার ৯০ মিটার বাঁধ নির্মাণ করার কথা রয়েছে। তাই বরাদ্দ এলে শিগগিরই বাঁধের কাজ শুরু করা হবে।