তিস্তার ভাঙনে দুই শতাধিক বসতভিটা বিলীন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে এক মাস ধরে তিস্তা নদীর ভাঙন অব্যাহত আছে। এই নদীর প্রবল স্রোতে ইতিমধ্যে বুড়িরহাট বাজার ও স্পার বাঁধের একাংশ, দুই শতাধিক পরিবারের বসতভিটা ও ফসলি জমি বিলীন হয়ে গেছে।
গত মঙ্গলবার বিদ্যানন্দ ইউনিয়নে গিয়ে দেখা যায়, তৈয়বখা, চতুরা, রতি, হংশধর ও পাড়ামৌলা গ্রাম এলাকায় নদীভাঙন অব্যাহত রয়েছে। ইতিমধ্যে বিদ্যানন্দ বাজার ও একটি মসজিদ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে কালিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাংরারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঝাপাড়া বালিকা মাদ্রাসা, বিদ্যানন্দ নিম্নমাধ্যমিক বিদ্যালয়, ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসা, ডাংরারহাট উচ্চবিদ্যালয়, ডাংরারহাট-রাজারহাট পাকা সড়ক। সেই সঙ্গে হুমকিতে আছে ডাংরারহাট ও পাড়ামৌলা গ্রামের হাজার খানেক পরিবারের ভিটাবাড়ি।
তৈয়বখা গ্রামের আবদুল গনি, আবদুল হাই, মোস্তফা, ফজল উদ্দিন, সাইফুল ইসলাম, আবদুল কাদেরসহ আরও কয়েকজন বাসিন্দা বলেন, বৃষ্টি হওয়াতে নদীর স্রোত বেড়ে গেছে। এ জন্য ভাঙন বাড়ছে। অনেকে বাড়িঘর খুলে অন্যত্র সরিয়ে নিচ্ছেন।
অপরদিকে হংসধর গ্রামের জাহিদুল ইসলাম বলেন, ‘এখনো নদীতে প্রচুর পানি। সেই সঙ্গে স্রোত। পানি পাক খায়া পার ভাঙ্গার নাগছে।’
এ ছাড়া এই ইউনিয়নের বুড়িরহাট বাজার ও নদীর ভাঙন রক্ষার স্পার বাঁধের একাংশ ক্ষতির মুখে পড়েছে। এর আশপাশের শতাধিক পরিবার তাঁদের বসতভিটা হারিয়েছে। কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, স্পার বাঁধটি তিস্তা থেকে চিলমারী পর্যন্ত গেছে। এর সংযোগ সড়কের এক
কিলোমিটার সম্প্রতি নদীতে বিলীন হয়ে গেছে। এ ছাড়া উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে বিদ্যানন্দ ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ যাতায়াতে দুর্ভোগে পড়েছে।
ভাঙনের শিকার বুড়িরহাটের জমসের আলী (৪৫), সাবু মন্ডল (৩৫) ও হামিদুল (৩৫) বলেন, সরকারিভাবে দ্রুত কোনো পদক্ষেপ না নিলে স্পার বাঁধটি সম্পূর্ণ বিলীন হয়ে যাবে।
আবদুল বাতেন (৪৫) বলেন, ‘নদীভাঙনে হামার সউগ শ্যাষ। কাইয়ো খোঁজ নিবার আসিল না।’
এ ব্যাপারে জানতে চাইলে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, বাঁধের জন্য বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ এলে এবার শুষ্ক মৌসুমে কাজ করানো হবে।