তিস্তার ভাঙনে শেষ সম্বলও হারাল ৩০০ পরিবার
তিস্তা নদীর ভাঙনে গত পনের দিনে কৃষক আজিজুল ইসলামের প্রায় দুই একর জমি বিলীন হয়ে গেছে। দুই দিন আগে সুখ-দুঃখের হাজারো স্মৃতিবিজড়িত বসতভিটা গ্রাস করেছে নদী। তাই গতকাল বৃহস্পতিবার পুরো পরিবার মিলে বসতঘর ও মালামাল সরিয়ে নেন অন্যত্র। শুধু আজিজুল নন, নদীভাঙনে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের জয়রাম ওঝা গ্রামের ৩০০ পরিবারের বসতভিটা এবং প্রায় ৫০ একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সরেজমিনে দেখা গেছে, নদীভাঙনের শিকার লোকজন অন্যত্র বাড়িঘর সরিয়ে নিচ্ছেন। ভাঙনকবলিত লোকজন জানান, এর আগের ১০ দিনে তাঁদের আবাদি জমি নদীতে চলে গেছে। এখন তাঁদের কোনো জমি নেই। মাথা গোঁজার জন্য শেষ সম্বল ছিল বসতভিটা। এগুলোও তিন দিন ধরে ভাঙছে। আজিজুল ইসলাম বললেন, ‘প্রতিবছর কিছু কিছু করি নদীর ভাঙনোত জমি গেইছে। এবার হামার আর কোনো জমি থাকিল না। সোগ শেষ হয়া গেল। শেষ সম্বল ছিল এই ভিটে। সেটিও চলে যাচ্ছে। তাই ভাঙি নিয়া যাইতোছি’। আলতাফ হোসেনের তিন একর আবাদি জমি নদীতে চলে গেছে । গত বৃহস্পতিবার তিনিও বসতভিটা থেকে বাড়িঘর সরিয়ে নেন। আলতাফ বলেন, ‘জমিত আবাদ করিয়া কষ্ট করি জীবন চলছিল। এলা কাজ-কাম করা ছাড়া আর কোনো উপায় থাকিল না।’ লিয়াকত আলীর এক একর জমি নদীতে বিলীন হয়েছে। তিনি বলেন, ‘এইবার ভাঙনোত কত মানুষ আসিয়া হামার খালি দুঃখকষ্টের কথা শোনে। শুনছি হামার কথাগুলা পেপারোত ছাপা হয়। কিন্তু হামারগুলার পাকে সরকারের একবারও নজর পড়িল না।’ কৃষক মজিবর রহমান বলেন, ‘হামার জমি নদীত ভাঙি যায়। কপালোত দুঃখ নিয়া বাড়িঘর সরেয়া অন্যটে যাই। এইগলা দেইকপার জন্যে খালি সামবাদিক আইসে। হামরা শুনছি নদীভাঙা মানুষোক ঘর বানার জন্যে টিন দেয়। টাকা দেয়। কিন্তু হামরা তো পাইনো না। এইগলা কোন্টে দেয় বাহে।’ লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের সদস্য দুলাল মিয়া বলেন, ‘এখানকার নদীভাঙনের শিকার লোকজনের জন্য দেনদরবার করতে করতে হয়রান হয়ে পড়েছি। শুধু আশ্বাসই দেওয়া হয়। কিন্তু সাহায্য মেলে না।’ ওই ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ফয়সাল আহমেদ বলেন, ‘ওই এলাকার লোকদের সাহায্য দেওয়ার জন্য চেষ্টা করছি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক বলেন, ভাঙনকবলিতদের ঘর ওঠানোর জন্য সহায়তা করা হবে।