বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন বলেছেন, তিস্তার পানিবণ্টন চুক্তিতে সন্তোষজনক সমাধান খুঁজে পেতে বাংলাদেশ ও ভারতের অপেক্ষা করা উচিত। তাঁর মতে, সম্পদ হিসেবে পানির পরিমাণ কমতে থাকায় চাপ ভাগাভাগি, নায্যতা ও ঐকমত্য—এসব নীতির ভিত্তিতে পানিবণ্টনের বিষয়টির সুরাহা হওয়া উচিত।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার এসব কথা বলেন। ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) এ অনুষ্ঠানের আয়োজন করে।
পঙ্কজ সরন বলেন, তিস্তা নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য ভারতে এখন একটি চেষ্টা চলছে। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক ঢাকা সফরকে সহায়ক হিসেবে উল্লেখ করেন তিনি।
ভারতীয় হাইকমিশনার মনে করেন, শুধু বাংলাদেশ ও ভারত নয়, পুরো অঞ্চলের জন্য সম্পদ হিসেবে পানির অভাব দেখা দিয়েছে। তাই মূল্যবান এ সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহারের উপায় খুঁজে বের করতে হবে। পানির সঙ্গে যেহেতু কোটি কোটি মানুষের জীবন জড়িত, তাই দুই দেশই নিজেদের দুঃখ একে অন্যের সঙ্গে ভাগাভাগি করে নানা সমাধান খুঁজে নেবে।
অভ্যন্তরীণ প্রক্রিয়া শেষ করে যত দ্রুত সম্ভব তিস্তা ও স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে বদ্ধপরিকর ভারত বলে জানান পঙ্কজ সরন।
বাংলাদেশের গত তিন মাসের রাজনৈতিক পরিস্থিতি কীভাবে মূল্যায়ন করেন, জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমরা নিজেদের দেশ নিয়ে ব্যস্ত এবং অন্য দেশের পরিস্থিতি মূল্যায়ন করি না।’ তবে তাঁর মতে, শুধু বাংলাদেশের বা ভারতের স্বার্থেই নয়, পুরো অঞ্চলের স্বার্থেই একটি শক্তিশালী, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ প্রয়োজন।
দুই দেশের পরস্পরের সুবিধাজনক সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের চেষ্টা চলছে জানিয়ে পঙ্কজ সরন বলেন, মোদি যখনই বাংলাদেশ সফর করুন না কেন, তা দুই দেশের সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি মনে করেন।
ডিকাব সভাপতি মাসুদ করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক বশির আহমাদ।