তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে নীলফামারীতে মতবিনিময় সভা হয়েছে।
তিস্তা ও কৃষি বাঁচাও আন্দোলন এবং বাসদ (মার্ক্সবাদী) নীলফামারী জেলা শাখার যৌথ আয়োজনে গতকাল রোববার নীলফামারী
টাউন কাব মিলনায়তনে ওই সভা হয়।
সভায় তিস্তা ও কৃষি বাঁচাও আন্দোলনের সংগঠক তরিকুল ইসলাম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, জল-পরিবেশ ইনস্টিটিউটের চেয়ারম্যান প্রকৌশলী ম. ইনামুল হক, রিভারাইন পিপলের প্রতিষ্ঠাতা মহাসচিব শেখ রোকন, বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আ ক ম জহিরুল ইসলাম, উদীচী শিল্পীগোষ্ঠীর নীলফামারী জেলা শাখার সভাপতি আবুল মনসুর ফকির প্রমুখ।
বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্তী বলেন, ভারত আন্তর্জাতিক আইন ও রীতি-নীতি লঙ্ঘন করে ভারত-বাংলাদেশের মধ্যে চতুর্থ বৃহত্তম তিস্তা নদীকে শুকিয়ে মারছে।
শুভ্রাংশু চক্রবর্তী আরও বলেন, উজানে ২৭টি বাঁধ নির্মাণ করে তিস্তা নদীকে ২৭ টুকরা করে তারা নিজেদের দেশের রাজস্থানসহ বিভিন্ন রাজ্যে পানি নিয়ে যাচ্ছে। আমরা দ্রুত এর সমাধান চাই, তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চাই।
জল-পরিবেশ ইনস্টিটিউটের চেয়ারম্যান প্রকৌশলী ম. ইনামুল হক বলেন, একসময় শুষ্ক মৌসুমে তিস্তায় ১৪ হাজার কিউসেক
পানি প্রবাহিত হতো। ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলে নেমে আসে চার হাজার কিউসেকে। এখন তা নেমে এসেছে আড়াই শ থেকে তিন শ কিউসেকে। এতে বিপর্যয়ের মুখে পড়েছে দেশের বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ।
বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে আমাদের দেশের ক্ষমতাসীনদের নতজানু নীতির কারণে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহারে সফল হয়েছে।