তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির ন্যায্য হিস্যা দাবি
তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে গতকাল বৃহস্পতিবার তিস্তা ব্যারাজ অভিমুখে রোডমার্চ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। রংপুর প্রেসক্লাব এলাকায় সমাবেশ শেষে রোডমার্চ শুরু হয়।
সকাল ১০টায় তিস্তা ব্যারাজ অভিমুখে এ কর্মসূচির আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, ওবায়দুল্লাহ মুসা, মঞ্জুর আলম। সংগঠনের রংপুর জেলা কমিটির সমন্বয়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কমিটির সদস্য পলাশকান্তি নাগ।
রোডমার্চটি রংপুর থেকে জলঢাকা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কের পাগলাপীর, চন্দনের হাট, গঞ্জিপুর, মাগুড়া ও বড়ভিটায় পৃথক পথসভা করে। পরে বিকেল চারটার দিকে জলঢাকা জিরো পয়েন্টে জনসভায় মিলিত হয়। রবীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে জনসভায় বক্তৃতা করেন শুভ্রাংশু চক্রবর্তী, ওবায়দুল্লাহ মুসা, মঞ্জুর আলম, তুহিন ওয়াদুদ, আনোয়ার হোসেন প্রমুখ।
এসব কর্মসূচিতে বক্তারা বলেন, তিস্তা নদীর পানি বণ্টনে আন্তর্জাতিক আইন ও রীতিনীতি মানা হচ্ছে না। তিস্তার উজানে গজলডোবায় বাঁধ দিয়ে শুকনা মৌসুমে ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলে নীলফামারী, রংপুরসহ সমগ্র উত্তরাঞ্চলে তীব্র পানিসংকট দেখা দিয়েছে। গত বছর তিস্তা সেচ প্রকল্পের আওতাধীন ১ লাখ ১১ হাজার ৪৬০ হেক্টর জমির বেশির ভাগই সেচসুবিধা পায়নি। বর্তমানে এই প্রকল্পের কোনো জমিতে সেচসুবিধা পাওয়া যাচ্ছে না। অন্যদিকে বর্ষা মৌসুমে বাঁধের সবগুলো দরজা খুলে দেওয়ায় ভয়াবহ বন্যা প্রতিবছরের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তাই উত্তরাঞ্চলের কৃষিকাজ, প্রাণী ও প্রকৃতিকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য তাঁরা এসব কর্মসূচি হাতে নেন। সমাবেশে তিস্তার পানির সঠিক বণ্টনের দাবি জানান তাঁরা।