তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি

তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। শহরের সাতমাথায় গতকাল বৃহস্পতিবার দুপুরে এসব কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বাসদের আহ্বায়ক সাইফুল ইসলাম।
বক্তব্য দেন বগুড়া জেলা সিপিবির সভাপতি জিন্নাতুল ইসলাম, বাসদের জেলা শাখার সদস্যসচিব সাইফুজ্জামান, জেলা কৃষক ফ্রন্টের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি রাধা রানী বর্মণ, সাধারণ সম্পাদক মাসুকুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ভারত থেকে আসা ৫৪টি নদীতে ভারত একতরফা বাঁধ দিয়ে ১৯৯৭ সালের আন্তর্জাতিক পানি বণ্টন চুক্তি ভঙ্গ করেছে। আন্তর্জাতিক আইন মেনে পানির ন্যায্য হিস্যা পাচ্ছে না বাংলাদেশ। আইন লঙ্ঘন করে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ রোধ করা হয়েছে। এতে বাংলাদেশ মরুকরণের হুমকির মুখে রয়েছে। দেশকে মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র চলছে। ভারত উজানে একতরফা পানি প্রত্যাহার করে নেওয়ায় ১ হাজার ২০০ নদ-নদীর মধ্যে মাত্র ২৩০টি টিকে রয়েছে। শুষ্ক মৌসুমে শুকিয়ে যাওয়ায় এসব নদ-নদী এখন বিপন্ন হওয়ার মুখে।