বাংলাদেশ অংশে তিস্তার পানি ব্যাপক হারে কমে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখতে শিগগিরই পশ্চিমবঙ্গের গজালডোবায় যৌথ নদী কমিশনের (জেআরসি) সদস্য ও বিশেষজ্ঞদের পাঠাতে সম্মত হয়েছে ভারত।
বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে বৈঠকে এ সিদ্ধান্ত জানান ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং। মো. শহীদুল হক নয়াদিল্লি সফরের দ্বিতীয় দিনে সুজাতা সিংয়ের সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন।
দিল্লির বাংলাদেশ হাইকমিশনের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্রসচিবেরা নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য ও বিনিয়োগ, বিদ্যুৎ, নৌ যোগাযোগ, দুই দেশের মানুষে-মানুষে যোগাযোগসহ দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক, উপ-আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন, শুল্ক ও অশুল্ক বাধা অপসারণ এবং পণ্যের পারস্পরিক মানের স্বীকৃতি দিতে দুই পক্ষ নিবিড়ভাবে কাজ করতে সম্মত হয়েছে। এ অঞ্চলের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর দুই দেশের কর্মকর্তারা গুরুত্ব দেন। এ প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁরা উপকূলীয় জাহাজ চলাচল চালুর লক্ষ্যে কাজ করতে অঙ্গীকার করেন।
জানা গেছে, বৈঠকে শিগগিরই তিস্তার পানি বণ্টন চুক্তি সইয়ের ব্যাপারে মো. শহীদুল হক আশাবাদ ব্যক্ত করেন। তবে সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশে তিস্তার পানি কমে যাওয়ার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। এ প্রসঙ্গে সুজাতা সিং জানান, বিষয়টি ভারত গুরুত্বের সঙ্গে নিয়েছে। তিস্তায় পানিপ্রবাহ কমে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে বিশেষজ্ঞদের নির্দেশ দেওয়া হয়েছে।
স্থল সীমান্ত চুক্তির প্রটোকল বাস্তবায়নে ভারতের রাজ্যসভায় সংবিধান সংশোধনী বিল উত্থাপনের প্রশংসা করেন মো. শহীদুল হক। এ বিল শিগগিরই পাস হওয়ার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সীমান্তে নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সহযোগিতার বিষয়ে দুই পররাষ্ট্রসচিব সন্তোষ প্রকাশ করেন। সীমান্ত এলাকায় বাংলাদেশের নাগরিকদের হত্যার ব্যাপারে ভারতের সীমান্তরক্ষীদের সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার প্রশংসা করেন শহীদুল হক। তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নেমে আসবে। এ সময় সুজাতা সিং জানান, ধারাবাহিক এ উদ্যোগের ফলে সীমান্ত হত্যা উল্লেখযোগ্য হারে কমেছে। এমনকি একটি হত্যাকাণ্ডের ঘটনাও নিন্দনীয়। সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে তিনি ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
দুপুরে শহীদুল হক ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
পরে বিকেলে এক সংবাদ সম্মেলনে সালমান খুরশিদ বলেন, ভারত বাংলাদেশকে উন্নয়ন সহযোগিতা দিয়ে যাবে।
এ ছাড়া শহীদুল হক ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের সচিব সৌরভ চন্দ্রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে তাঁরা আলোচনা করেন।