তিস্তায় পানি কমায় পররাষ্ট্র সচিবের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি ব্যাপক হারে কমে যাওয়ায় নয়াদিল্লির কাছে উদ্বেগ জানিয়েছে ঢাকা। নয়াদিল্লি সফররত পররাষ্ট্র-সচিব মো. শহীদুল হক গতকাল বুধবার ভারতের পানিসম্পদসচিব অলক রাওয়াতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ উদ্বেগ জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তিন দিনের সফরে পররাষ্ট্রসচিব গতকাল দুপুরে দিল্লিতে পৌঁছান। সফরের প্রথম দিনে তিনি ভারতের পানিসম্পদসচিব ছাড়াও বাণিজ্য ও শিল্পসচিব এস আর রাও এবং নৌপরিবহনসচিব বিশ্বপতি ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. শহীদুল হক ভারতের পানিসম্পদসচিবের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশ অংশে তিস্তার পানি প্রবাহ ব্যাপক হারে কমার বিষয়ে উদ্বেগ জানান। এ সময় পররাষ্ট্রসচিব ইঙ্গিত করেন, অভিন্ন নদীর পানি বণ্টনের মাধ্যমে দুই প্রতিবেশীর সম্পর্ক জোরদার হওয়া উচিত।
ভারতের বাণিজ্যসচিবের সঙ্গে বৈঠকে শহীদুল হক দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়তে থাকায় সন্তোষ প্রকাশ করেন এবং বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে অশুল্ক বাধা দূর করার বিষয়টি তোলেন।