তিস্তায় পানি বৃদ্ধি, চরাঞ্চল প্লাবিত
অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে৷ পানি বাড়ায় তিস্তা সেচ প্রকল্পের তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিস্তা ব্যারাজের উজানে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি ও খালিশা চাপানী ইউনিয়নের তিস্তা নদীর চর এলাকার গ্রামগুলো প্লাবিত হয়েছে।
টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। এতে ইউনিয়নের চরখড়িবাড়ি চরে পানি উঠে চরটি প্লাবিত হয়।
পূর্বছাতনাই ইউপির চেয়ারম্যান আবদুল লতিফ খান জানান, সকাল থেকে পানি বৃদ্ধি পাওয়ায় এই ইউনিয়নের পূর্বছাতনাই ও ঝাড়শিংহের চরে পানি উঠেছে। তিনি বলেন, গত বছরের বন্যায় ঝাড়শিংহের চরে একটি ক্রসবাঁধ বিধ্বস্ত হয়েছিল । সেটি সংস্কার না হওয়ায় ওই দিক দিয়ে পানি প্রবেশ করে। ক্রসবাঁধটি এখন হুমকির মুখে আছে বলেও জানান তিনি।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়া ডিভিশনের উপবিভাগীয় প্রকৌশলী মাইন উদ্দিন মণ্ডল গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, গত দুদিনের অবিরাম বর্ষণ ও উজানের পানির ঢলের কারণে বৃহস্পতিবার সকাল থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। এখন কমতে শুরু করেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নীলফামারী জেলায় ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং ডালিয়া তিস্তা ব্যারাজ পয়েন্টে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৬৭ মিলিমিটার৷