তিস্তায় পানিপ্রবাহ কমায় পররাষ্ট্রসচিবের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি ব্যাপক হারে কমে যাওয়ায় দিল্লির কাছে উদ্বেগ জানিয়েছে ঢাকা। দিল্লি সফররত পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক আজ বুধবার ভারতের পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব অলক রাওয়াতের সঙ্গে সৌজন্যসাক্ষাতের সময় এ উদ্বেগ জানান।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তিন দিনের সফরে পররাষ্ট্রসচিব দুপুরে দিল্লি পৌঁছান।

সফরের প্রথম দিনে ভারতের পানিসম্পদ সচিব ছাড়াও বাণিজ্য ও শিল্পসচিব এস আর রাও এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব বিশ্বপতি ত্রিবেদীর সঙ্গে সৌজন্যসাক্ষাত্ করেন শহীদুল হক।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্রসচিব ভারতের পানিসম্পদ সচিব অলক রাওয়াতের কাছে বাংলাদেশ অংশে তিস্তার পানিপ্রবাহ ব্যাপক হারে কমার বিষয়ে উদ্বেগ জানান। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রসচিব অভিন্ন নদীর পানি বণ্টনের মাধ্যমে দুই প্রতিবেশীর সম্পর্ক জোরদার হওয়া উচিত বলে মত দেন।

ভারতের বাণিজ্যসচিব এস আর রাওয়ের সঙ্গে বৈঠকে শহীদুল হক দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়তে থাকায় সন্তোষ প্রকাশ করেন। তবে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশের পররাষ্ট্রসচিব অশুল্ক বাধা দূর করার বিষয়টি তোলেন। এ সময় ভারতের বাণিজ্যসচিব কোন কোন পণ্যের ক্ষেত্রে এ সমস্যাগুলো হচ্ছে, তা চিহ্নিত করে সমাধানের উপায় খুঁজে বের করার ওপর মত দেন। বাংলাদেশের পররাষ্ট্রসচিব বাংলাদেশ মান নিয়ন্ত্রণ কেন্দ্রের (বিএসটিআই) সনদ গ্রহণের বিষয়টিও আলোচনায় আনেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব বিশ্বপতি ত্রিবেদীর সঙ্গে পররাষ্ট্রসচিবের বৈঠকে দুই দেশের মধ্যে উপকূলীয় জাহাজ চলাচল চালুর বিষয়ে আলোচনা জোরদারের বিষয়টি এসেছে।