তিস্তায় পানির পরিমাণ আবারও কমেছে
তিস্তা সেচ প্রকল্প এলাকায় হঠাৎ পানি বেড়ে গিয়ে আবার তা কমেছে। গতকাল বুধবার দুপুর ১২টায় পানির পরিমাণ ছিল এক হাজার ২৪২ কিউসেক। আর আগের দিন মঙ্গলবার ওই স্থানে ছিল তিন হাজার ছয় কিউসেক পানি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, মঙ্গলবার বেশি পানি পাওয়ার ঘটনা ছিল ব্যতিক্রম। এর মানে এই নয় যে ভারত বাংলাদেশকে প্রয়োজনীয় পানি দিচ্ছে। তিস্তা ব্যারাজ অভিমুখে বিএনপির লংমার্চ শুরুর দিন ব্যারাজ পয়েন্টে পানির পরিমাণ বেড়ে যাওয়ায় এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পানি বৃদ্ধি তাঁদের আন্দোলনের প্রাথমিক বিজয়। অবশ্য পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, গত মঙ্গলবার বেশি পানি আসা মানে এই নয় যে ভারত বাংলাদেশকে বেশি পানি দিতে শুরু করেছে। ওই দিন যে পানি এসেছে তাকে অপ্রত্যাশিত বলা যায়। তাঁরা জানতে পেরেছেন, ভারতের গজলডোবা ব্যারাজের কিছু অংশের সংস্কারকাজের কারণে কয়েকটি গেট খুলে দেওয়া হয়েছিল। এ কারণে মঙ্গলবার টানা ১২ থেকে ১৪ ঘণ্টা পানি ঢুকেছে।
অবশ্য ওই কর্মকর্তারা দাবি করছেন, তিস্তার বাংলাদেশ অংশে আসা এই পানি প্রধান খাল দিয়ে রংপুর, দিনাজপুর ও বগুড়া খালে ঢুকিয়ে দেওয়া হয়। এই পানি দিয়ে আগামী কয়েক দিন কৃষকেরা সেচসুবিধা পাবেন। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেছেন, কোনো কারণে হয়তো ভারতের গজলডোবা ব্যারাজের গেট খোলা হয়েছিল, সে কারণে গত মঙ্গলবার বাংলাদেশে বেশি পানি ঢুকেছিল। এর মানে এই নয় যে ভারত নিয়মিতভাবে ওই পরিমাণ পানি বাংলাদেশকে দিচ্ছে। এ কারণে বুধবার পানির পরিমাণ আগের কয়েক দিনের ধারাবাহিকতায় ফিরে গেছে। ব্যারাজের মূল খাল থেকে শাখা খালগুলোতে গতকাল পানির প্রবাহ লক্ষ করা গেছে। দিনাজপুর খাল দিয়ে সকাল থেকেই পানি ঢুকেছে। এর আগে রংপুর ও বগুড়া খাল দিয়ে পানি প্রবেশ করে। ফলে উপখালগুলোতে অন্যান্য দিনের চেয়ে পানির পরিমাণ ছিল বেশি। পানি উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী, ১৩ এপ্রিল থেকে তিস্তায় পানির পরিমাণ বাড়তে থাকে। ওই দিন থেকে ১৯ তারিখ পর্যন্ত গড়ে এক হাজার ৫০০ কিউসেক পানি তিস্তা পয়েন্টে রেকর্ড করা হয়। তবে ২০ এপ্রিল তা কমে ৬৮৮ কিউসেক হয়। এর পরদিন বেড়ে হয় ৮৩০ কিউসেক। আর মঙ্গলবারের পরিমাণটা (তিন হাজার ছয় কিউসেক) ছিল অস্বাভাবিক।