তিস্তায় পানিসংকট, হাহাকার

তিস্তা নদীর পানিপ্রবাহ প্রতিবছর কমতে কমতে এ বছর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ফলে এই নদীর পানির ওপর নির্ভরশীল নীলফামারীর বিভিন্ন এলাকার বোরোচাষিরা বিপাকে পড়েছেন।
গত রোববার সরেজমিনে তিস্তা সেচ প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, নদীতে পানি না থাকায় খালগুলোতে পানি নেই। খালের দুই পাশে বোরো খেত শুকিয়ে চৌচির হয়ে গেছে। জলঢাকা উপজেলার তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর প্রধান সেচ খালসংলগ্ন হরিশচন্দ্র পাঠ গ্রামের কৃষক বাচ্চা বাউ (৬৫) খনন করা কুয়া থেকে বালতি দিয়ে পানি তুলে জমিতে সেচ দিচ্ছিলেন। তিনি বলেন, খালে পানি নেই। পানির অভাবে বোরো খেত নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে বাধ্য হয়ে কুয়া খুঁড়ে সেচ দিচ্ছেন তিনি।
ডিমলার নাউতরা ইউনিয়নের সাতজান গ্রামে তিস্তা সেচ প্রকল্পের প্রধান খালের পাশে কয়েকজন কৃষককে জড়ো হয়ে খালের ওপর নির্মিত শাখা খালের ফটক খোলার চেষ্টা করতে দেখা যায়। তাঁরা জানান, প্রায় দুই সপ্তাহ ধরে এলাকার কৃষকেরা জমিতে সেচ দিতে পারছেন না। এ কারণে বোরো খেত নষ্ট হয়ে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) ধরনা দিয়েও কোনো কাজ হয়নি। এ জন্য বাধ্য হয়ে তাঁরা ফটক খুলে পানি নেওয়ার চেষ্টা করছেন।
সাতজান গ্রামের কৃষক সাইদুর রহমান বলেন, ডিমলা উপজেলার সাতজান ও জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের কৃষকেরা পানি পাচ্ছেন না। এক বিঘা জমিতে বোরো চাষ করতে এরই মধ্যে কৃষকদের চার থেকে সাড়ে চার হাজার টাকা খরচ হয়ে গেছে। এরই মধ্যে সার প্রয়োগ করা হয়ে গেছে—এমন জমিতে পানি দেওয়া খুব জরুরি হয়ে পড়েছে। পানি না পেয়ে জমি শুকিয়ে মাটি ফেটে গেছে। ধানের চারাও হলুদ হয়ে গেছে। স্থানীয় শাখা খালের ইজারাদার জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা প্রতি একর জমিতে পানি সেচের জন্য পাউবোকে ৪৮০ টাকা করে দিয়েছি। এখন পানি না পেলে কৃষকেরা আমাদের টাকা দেবে কেন?’
তিস্তা সেচ প্রকল্পের তিস্তা ব্যারাজের উজানে ও ভাটিতে গিয়ে দেখা গেছে ধু ধু বালুচর। তিস্তার স্রোতোধারা এতটাই সংকীর্ণ যে, তা নালার মতোই মনে হয়।
পাউবো ও স্থানীয় সূত্রে জানা গেছে, নীলফামারীর বৃহৎ তিস্তা সেচ প্রকল্পের আওতায় নীলফামারী, রংপুর ও দিনাজপুর জেলার ১২টি উপজেলার ৬০ হাজার ৫০০ হেক্টর জমিতে সেচ দেওয়া হয়। এ জন্য কমপক্ষে সাড়ে তিন হাজার কিউসেক পানির প্রয়োজন। এর বিপরীতে চলতি মার্চ মাসে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে অবস্থিত তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি পাওয়া যাচ্ছে সর্বোচ্চ সাড়ে ৫০০ কিউসেক, যা দিয়ে নদীর চ্যানেল ঠিক রাখাই অসম্ভব হয়ে পড়েছে।
পাউবোর ডালিয়া বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মাইন উদ্দিন মণ্ডল বলেন, ‘তিস্তা নদীর নাব্যতা না থাকার কারণে সেচকাজ ব্যাহত হচ্ছে। আমরা পালাক্রমে কৃষকদের পানি দিয়ে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছি।’
নির্বাহী প্রকৌশলী মাহবুবর রহমান বলেন, উজান থেকে তিস্তা নদীতে পানি কম আসার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, এই প্রকল্পের আওতায় তিনটি জেলার ১২টি উপজেলার চাষযোগ্য জমির পরিমাণ এক লাখ ১১ হাজার ৪০৬ হেক্টর। এ বছর পানি কম পাওয়ার কারণে সেচযোগ্য জমির পরিমাণ কমিয়ে ৬০ হাজার ৫০০ হেক্টর করা হয়েছে। কিন্তু যে পরিমাণ পানি পাওয়া যাচ্ছে, তা দিয়ে পরিস্থিতি মোকাবিলা করা যাচ্ছে না। পানি পাওয়ার জন্য ভারতের সঙ্গে এখনই চুক্তি হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।