তিস্তায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ভাঙন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে তিস্তা নদীর পানি বৃদ্ধিতে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তীব্র ভাঙন অব্যহত রয়েছে। জেলার জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ি ও ডিমলা উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি হুমকির মুখে পড়েছে। সেই সঙ্গে বন্যাকবলিত মানুষের জন্য পাওয়া অপ্রতুল ত্রাণ বিতরণ করতে গিয়ে বিপাকে পড়েছেন জনপ্রতিনিধিরা।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়া বিভাগের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বেলা তিনটায় লালমনিরহাট জেলার দোয়ানীতে অবস্থিত সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। ওই পয়েন্টে গত বৃহস্পতিবার সকালে বিপদসীমার ৪৫ সেন্টিমিটার ও বিকেলে ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। এখানে বিপদসীমা ৫২ দশমিক ৪০ সেন্টিমিটার।
ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম গতকাল বিকেলে মুঠোফোনে বলেন, ওই ইউনিয়নের পূর্ব খড়িবাড়ি এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন অব্যাহত আছে। পানি কমতে শুরু করার সঙ্গে সঙ্গে এতে ভাঙন দেখা দিয়েছে। এ ছাড়া ফসলি জমি নদীতে বিলীন হচ্ছে। তিনি আরও বলেন,‘বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে ত্রাণ অপ্রতুল হওয়ায় হিমশিম খেতে হচ্ছে। আমার ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা পাঁচ শতাধিক। গত দুই দিনে আমি ২০০ পরিবারের মধ্যে দুই মেট্রিক টন চাল দিতে পেরেছি।’
পাউবো ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল বিকেলের দিক থেকে পানি কমতে শুরু করেছে।