তিস্তায় বাংলাদেশ পানি খুবই কম পাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ স্বীকার করেছেন, তিস্তায় বাংলাদেশ খুবই কম পানি পাচ্ছে। গতবারের চেয়ে পানির পরিমাণ বেশ কম।
দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পানি ব্যবস্থাপনার ইস্যুগুলো নিয়ে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে গতকাল শুক্রবার সকালে দুই দিনব্যাপী একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন পানিসম্পদমন্ত্রী। ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) ও বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপ এই কর্মশালার আয়োজন করে।
যৌথ নদী কমিশনের একটি সূত্র বলছে, এখন তিস্তায় পানির প্রবাহ ৫৫৩ কিউসেক। গত ২০ মার্চ এই হিসাব নেওয়া হয়। গত বছরের এই সময়ে তিস্তায় পানির প্রবাহ ছিল আড়াই হাজার কিউসেক।
তিস্তা চুক্তি না হওয়ার কারণ কী, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে আমার চেয়েও আপনারা ভালো জানেন। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসে তিস্তা চুক্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তাঁদের অভ্যন্তরীণ সমস্যার কারণে সেটা সম্ভব হয়নি।’
তাহলে কবে হবে সেই চুক্তি—এমন প্রশ্নের কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে পারেননি পানিসম্পদমন্ত্রী। কেবল বলেছেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সাম্প্রতিক সফরে প্রশ্নগুলো তোলা হয়েছে।’ তবে পানি নিয়ে যদি সহযোগিতার মনোভাব প্রতিবেশীদের না থাকে, তাহলে আখেরে এর জন্য পস্তাতে হবে বলে মন্তব্য করলেন মন্ত্রী।
কর্মশালার উদ্বোধনী অধিবেশনে মন্ত্রী বলেন, বাংলাদেশ যদি ভালো না থাকে, তাহলে প্রতিবেশীরাও ভালো থাকবে না। বাংলাদেশের ভালো থাকাটাই প্রতিবেশীদের বড় নিরাপত্তা। মন্ত্রী আরও বললেন, ‘আমাদের ৫৪টি অভিন্ন নদী আছে। কিন্তু এসব নদী সম্পর্কে আমাদের একে অন্যের কাছে পর্যাপ্ত তথ্য নেই। এগুলোর সঠিক ব্যবস্থাপনার জন্য তথ্যের আদান-প্রদান জরুরি।’
বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদসচিব জাফর আহমেদ খান বলেন, ‘রাজনৈতিক স্লোগানের কারণে অনেক সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পানির মতো একটা জটিল বিষয়ে স্লোগানসর্বস্বতার ওপর নির্ভর করা চলে না। এখানে বৈজ্ঞানিক তথ্য-উপাত্তের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হবে।’
কর্মশালায় বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কার পানি বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। কর্মশালার মূল প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেন আইডব্লিউএমের নির্বাহী পরিচালক এম মনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন ওয়াটার পার্টনারশিপের সহসভাপতি খন্দকার আজহারুল হক।